এনএইচকে-কে সাক্ষাৎকারে নির্বাচন সময়সূচি ঘোষণা, বছরের শেষ নাগাদ হতে পারে নির্বাচন: অধ্যাপক ইউনূস

অনলাইন ডেস্ক:

বাংলাদেশের অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, চলতি বছরের শেষ নাগাদ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। বুধবার, জাপানি সংবাদমাধ্যম এনএইচকে-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি নির্বাচনের সম্ভাব্য সময়সূচি সম্পর্কে বিস্তারিত জানান।

অধ্যাপক ইউনূস বলেন, “নির্বাচন যেকোনো গণতান্ত্রিক দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। নির্বাচনের সম্ভাব্য সময় এ বছরের শেষ নাগাদ হতে পারে।” তিনি আরও উল্লেখ করেন, নির্বাচনের মাধ্যমে গঠিত নতুন সরকার দেশের জন্য একটি নিরাপদ এবং স্থিতিশীল ভিত্তি তৈরি করবে।

তিনি বলেন, “যে পরিস্থিতিতে আমরা এসেছি, তাতে আমি মনে করি আমরা অনেক দূর এগিয়েছি। আমাদের সমাজ, অর্থনীতি, রাজনৈতিক ব্যবস্থা এবং বিচারব্যবস্থা সবকিছুই বিধ্বস্ত ছিল।”

অধ্যাপক ইউনূস জানান, তরুণরা তাদের সৃজনশীলতা প্রকাশ করতে এবং বিশ্ববাসীর সঙ্গে তা ভাগ করে নিতে চায়, যা বাংলাদেশের উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, “তরুণরা গত বছরের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল এবং ভবিষ্যতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”

অধ্যাপক ইউনূস জাপানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন, তিনি বলেন, “জাপানের প্রযুক্তি ও বিনিয়োগ বাংলাদেশের তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করেছে।”

তিনি আশা প্রকাশ করেন যে, বাংলাদেশের তরুণদের সহযোগিতায় দেশ আরও শক্তিশালী হবে এবং পুনর্গঠন প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হবে।