নিজস্ব প্রতিবেদক:
ঢাকার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দলের চারজন নেতাকর্মী আহত হয়েছেন।
সোমবার (২৩ জুন) রাত ১০টার দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন এনসিপির মিডিয়া সেলের যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন।
আহতরা হলেন— শ্রমিক উইংয়ের শফিকুল ইসলাম, যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক আব্দুর রব, হাজারীবাগ থানার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সদস্য সচিব সুমন হোসেন ও ঢাকা মহানগর এনসিপির সদস্য আসিফ উদ্দিন সম্রাট।
বিস্ফোরণের সময় দলের সদস্য সচিব আখতার হোসেনও কার্যালয়ের নিচে উপস্থিত ছিলেন বলে জানান মুশফিক।
তবে কারা এই হামলা চালিয়েছে, সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না উল্লেখ করে মুশফিক বলেন, “আমাদের দলকে যারা চায় না, তারাই করে থাকতে পারে। তবে সুনির্দিষ্টভাবে কাউকে দায়ী করার মতো তথ্য আমাদের হাতে নেই।”
এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।











