অনলাইন ডেস্ক:
বলিউডের দর্শকদের দীর্ঘদিনের এক চাওয়া ছিল, সালমান খান এবং হৃতিক রোশনকে একসঙ্গে বড় পর্দায় দেখার। শারীরিক সৌষ্ঠব এবং জনপ্রিয়তার দিক থেকে দুজনেই একে অপরকে টেক্কা দিতে পারেন, তবে তাদের একসাথে কাজ করার বিষয়টি কখনোই বাস্তবায়িত হয়নি। তবে অবশেষে সেই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে।
এবার ‘টাইগার’ এবং ‘কৃশ’ একসঙ্গে পর্দায় আসছেন, তবে বড় পর্দায় নয়, শীর্ষস্থানীয় একটি সংস্থার বড় বাজেটের বিজ্ঞাপনে। বিজ্ঞাপনটি পরিচালনা করছেন আলি আব্বাস জাফর, যিনি ‘সুলতান’, ‘টাইগার জিন্দা হ্যায়’, এবং ‘ভারত’ এর মতো ব্লকবাস্টার ছবির নির্মাতা।
সংস্থার দাবি, যদিও এটি একটি বিজ্ঞাপনটি, তবে এতে কোনো কার্পণ্য করা হচ্ছে না। ছবির প্রতিটি মুহূর্তই অ্যাকশনে ভরপুর থাকবে এবং এই কারণেই সালমান এবং হৃতিককে বেছে নেওয়া হয়েছে।
এটি দুই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চলেছে—দীর্ঘদিন পর ফের সালমান এবং জাফর একসঙ্গে কাজ করছেন, এবং একইভাবে, আলি আব্বাস জাফর হৃতিককে প্রথমবারের মতো পরিচালনা করছেন। শোনা যাচ্ছে, খুব শীঘ্রই শুটিং শুরু হবে এবং মুম্বাইয়ের বিভিন্ন স্থানে শুটিং হবে। কিছু বিশেষ মুহূর্ত বিদেশে শুট করা হবে, যেখানে ভিএফএক্স প্রযুক্তির মাধ্যমে বিশেষ দৃশ্য তৈরি করা হবে।











