ওটিটিতে মুক্তি পাচ্ছে গারফিল্ডের ‘উই লিভ ইন টাইম’

অনলাইন ডেস্ক:

বড় পর্দায় সাফল্য লাভের পর এবার ছোট পর্দায় মুক্তি পেতে চলেছে ভ্রমণধর্মী রোমান্টিক ড্রামা ছবি ‘উই লিভ ইন টাইম’, যা ম্যাক্স অন প্ল্যাটফর্মে দর্শকদের জন্য উন্মুক্ত হবে। ছবিটি পরিচালনা করেছেন জন ক্রাউলি, এবং প্রধান চরিত্রে অভিনয় করেছেন স্পাইডারম্যানখ্যাত অভিনেতা অ্যান্ড্রু গারফিল্ড ও জনপ্রিয় অভিনেত্রী ফ্লোরেন্স পিউ।

সিনেমাটি ২০২৪ সালে বড় পর্দায় মুক্তি পায় এবং এর কাহিনিতে দেখা যায়, এক অপ্রত্যাশিত সাক্ষাতের পর এক প্রতিভাবান শেফ এবং সদ্য বিয়েবিচ্ছেদ হওয়া এক ব্যক্তি একে অপরের প্রেমে পড়েন। তারা স্বপ্নের মতো একটি বাড়ি এবং পরিবার গড়ে তোলেন, তবে একটি কঠিন সত্য তাদের সম্পর্ককে পরীক্ষার মুখে ফেলে দেয়।

পরিচালক জন ক্রাউলি তার সিনেমা নিয়ে অত্যন্ত আত্মবিশ্বাসী। তিনি ভ্যারাইটিকে বলেন, “ফ্লোরেন্স পিউ এবং অ্যান্ড্রু গারফিল্ডের রসায়ন এতটাই আকর্ষণীয় যে, দর্শকরা আমার সিনেমাটি বারবার দেখতে চাইবেন।” ছবিতে রোমান্টিক কমেডির সেরা মুহূর্তগুলো একত্রিত করা হয়েছে, যেখানে সম্পর্কের মধ্যে উত্তেজনা, পরিবারের সঙ্গে পরিচয়, বিয়ের প্রস্তাব, পিতৃত্ব-মাতৃত্ব, বিয়েবিচ্ছেদ, ক্যান্সার নির্ণয়সহ একাধিক জীবনের বাস্তব বিষয় উপস্থাপন করা হয়েছে।

‘উই লিভ ইন টাইম’ সিনেমায় অ্যান্ড্রু গারফিল্ড এবং ফ্লোরেন্স পিউ ছাড়াও অভিনয় করেছেন গ্রেস ডেলানি, অ্যাডাম জেমসসহ আরও অনেকে।