অনলাইন ডেস্ক:
বাংলাদেশ নারী ক্রিকেট দল গতকাল ওয়েস্ট ইন্ডিজের কাছে ৫ উইকেটে হেরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়ে গেছে। সিরিজের প্রথম ম্যাচে ৮ উইকেটে এবং দ্বিতীয় ম্যাচে ১০৬ রানের বড় ব্যবধানে হারের পর শেষ ম্যাচেও টাইগ্রেসরা স্বাগতিকদের কাছে পরাজিত হয়।
সেন্ট কিটসে তৃতীয় ম্যাচে বাংলাদেশ টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৮ উইকেটে ১০৪ রানের ছোট সংগ্রহ দাঁড় করায়। ওপেনারদের ভালো শুরুর পর বাংলাদেশ নিয়মিত উইকেট হারাতে থাকে। ইনিংসের শেষ বলে রান আউট হওয়ার আগে অধিনায়ক নিগার সুলতানা ৪৩ বলে ২টি চারসহ ৩৩ রান করেন। দিলারা আকতার ১৬ বলে ২১ এবং মুরশিদা খাতুন ১২ বলে ১৩ রান করেন।বল হাতে, ওয়েস্ট ইন্ডিজের জানিলিয়া গ্লাসগো ১৫ রানে ৩ উইকেট তুলে নেন।
১০৫ রানের সহজ টার্গেট তাড়া করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের ওপেনাররা পাওয়ার প্লেতে ২৬ রানে ২ উইকেট হারায়। বাংলাদেশের দুই স্পিনার সুলতানা খাতুন ও ফাহিমা খাতুন ওয়েস্ট ইন্ডিজের ওপেনারদের আউট করেন। আগের দুই ম্যাচে ৫১ এবং ৪৯ রান করা ডিয়েন্ড্রা ডটিনকে ১০ রানে আউট করে দেন রাবেয়া খান। ডটিনের বিদায়ের পর আরও দুই উইকেট শিকার করেন সুলতানা ও ফাহিমা। তবে ষষ্ঠ উইকেটে ৪৪ রানের অবিচ্ছিন্ন জুটিতে ওয়েস্ট ইন্ডিজ ৯ বল বাকি রেখে জয় নিশ্চিত করে। সাবিকা গজনবি ২৭ এবং জাইদা জেমস ১৪ রান নিয়ে অপরাজিত থাকেন।
বাংলাদেশের পক্ষে সুলতানা ৩০ রানে ২ উইকেট এবং ফাহিমা ১৪ রানে ২ উইকেট নেন। রাবেয়া খান ১২ রানে ১ উইকেট শিকার করেন।ম্যাচ সেরা হয়েছেন জানিলিয়া গ্লাসগো এবং সিরিজ সেরা নির্বাচিত হয়েছেন ডিয়েন্ড্রা ডটিন।











