অনলাইন ডেস্ক:
কক্সবাজারের টেকনাফে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশকালে কোস্টগার্ড ও র্যাব দুই লাখ পিস ইয়াবাসহ সাত রোহিঙ্গাকে আটক করেছে। গত বুধবার ভোরে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ সংলগ্ন নাফ নদীর মোহনায় এই অভিযান পরিচালিত হয়।
কোস্টগার্ড পূর্ব জোনের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানিয়েছেন, অভিযানে আটক রোহিঙ্গারা হলেন- ইয়াসিন (৫৬), মোস্তফা (৩৩), ইলিয়াছ (২১), দীন মোহাম্মদ (৩৪), সাবের (৩০), জাকারিয়া (২৪) এবং আব্দুর রহমান (৪৫)। তারা সবাই বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, বুধবার ভোরে টেকনাফের শাহপরীরদ্বীপ সংলগ্ন নাফ নদীতে চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে কোস্টগার্ড ও র্যাব সদস্যদের যৌথ অভিযানে একটি সন্দেহজনক ট্রলার দেখা যায়। মিয়ানমার দিক থেকে আসা ট্রলারটিকে থামার জন্য নির্দেশ দেওয়া হলে, পাচারকারীরা দ্রুত পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া দিয়ে ট্রলারটিকে আটক করা হয়।
তল্লাশির পর ট্রলার থেকে একটি বস্তা উদ্ধার করা হয়, যার মধ্যে ছিল দুই লাখ ইয়াবা। আটকদের বিরুদ্ধে টেকনাফ থানায় মামলা করা হয়েছে।











