কক্সবাজারে ব্যস্ত সড়কে দিনের আলোয় অস্ত্রের মুখে অর্ধশতাধিক যানবাহনে লুটপাট

অনলাইন ডেস্ক:

কক্সবাজারের ঈদগাঁও ও রামু উপজেলার পাহাড়ি অঞ্চলের ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে দিনের বেলায় অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে অন্তত ৫০ থেকে ৬০টি যানবাহনে নজিরবিহীন লুটপাট চালিয়েছে একদল সশস্ত্র ডাকাত। গত সোমবার (১৯ অক্টোবর) ওই সড়কের হিমছড়ি ঢালায় দুই দফায় সংঘটিত এ ঘটনায় শতাধিক যাত্রীর নগদ টাকা, মোবাইল ফোন ও মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেওয়া হয়।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল ৮টা ও দুপুর ১২টার দিকে দুই দফায় প্রায় আড়াই ঘণ্টা ধরে এই তাণ্ডব চালায় ডাকাতদল। ১০ থেকে ১২ জনের একটি মুখোশধারী সশস্ত্র দল সড়কে আকস্মিক প্রতিবন্ধকতা সৃষ্টি করে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের গতিরোধ করে। পরে যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে পাশের গহিন জঙ্গলে নিয়ে মারধর করা হয় এবং তাদের সর্বস্ব লুটে নেওয়া হয়। তবে দীর্ঘ সময় ধরে ডাকাতি চললেও ঘটনাস্থলে পুলিশের কোনো টহল ছিল না বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।

একটি বেসরকারি সংস্থার ঈদগড় শাখার ব্যবস্থাপক মো. রবিউল ইসলাম জানান, দুপুরে মোটরসাইকেলে ঈদগাঁও থেকে ঈদগড় যাওয়ার পথে হিমছড়ি ঢালায় সশস্ত্র ডাকাতরা তাদের গতিরোধ করে। তিনি বলেন, ‘আমাদের দুজনকে জঙ্গলে নিয়ে মারধর করে ১ লাখ ২০ হাজার টাকা, দুটি মোবাইল ফোন ও কাগজপত্র ছিনিয়ে নেওয়া হয়। প্রায় দুই ঘণ্টা ধরে চলা এই তাণ্ডবে অর্ধশতাধিক অটোরিকশা ও মোটরসাইকেলের শতাধিক যাত্রী লুণ্ঠনের শিকার হন।’ তিনি আরও জানান, বিকাল ৩টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান শুরু করলেও কাউকে আটক করতে পারেনি।

আরেক বেসরকারি সংস্থার হিসাবরক্ষক আবদুল হাকিম জানান, অটোরিকশায় ঈদগড় যাওয়ার পথে তাদেরও অস্ত্রের মুখে জিম্মি করে জঙ্গলে নিয়ে মারধর করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১ লাখ ৫০ হাজার টাকা ও ব্যাংকের চেকবই ছিনিয়ে নেওয়া হয়। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘এই সড়কে নিয়মিতই লুটপাট ও অপহরণের পর মুক্তিপণ আদায়ের ঘটনা ঘটছে, কিন্তু যাত্রীদের নিরাপত্তায় কার্যকর কোনো ব্যবস্থা নেই।’

ঘটনার প্রত্যক্ষদর্শী ঈদগড়ের বাসিন্দা মোহাম্মদ তারেক জানান, সকালে অটোরিকশায় করে ঈদগড় যাওয়ার সময় হিমছড়ি ঢালায় ডাকাতদের কবলে পড়েন তিনি। তার মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার সময় জীবন বাঁচাতে তিনি চলন্ত গাড়ি থেকে লাফ দিয়ে পালিয়ে যান।

এ বিষয়ে ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম সিফাতুল মাজদার জানান, স্থানীয় কিছু দুর্বৃত্ত সড়কে প্রতিবন্ধকতা তৈরি করে এই লুটপাট চালিয়ে জঙ্গলে আত্মগোপন করেছে। তাদের ধরতে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে। ১৭ কিলোমিটার দীর্ঘ ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কের গহিন বনাঞ্চল এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।