ধর্ম-বর্ণের বিভেদ ভুলে একযোগে দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

অনলাইন ডেস্ক:

ধর্ম-বর্ণের পার্থক্য ভুলে সব ধর্মের মানুষকে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৯ অক্টোবর) রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শনকালে সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে তিনি বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে আমাদের দেশের সব মানুষের সবচেয়ে বড় পরিচয় হলো—আমরা সবাই এই মাটির সন্তান।

দেশের স্বাধীনতা ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে অসাম্প্রদায়িক চেতনার কথা স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে পরবর্তী সময়ে গণতন্ত্র রক্ষার আন্দোলন এবং ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছে। রাজপথের সেই সংগ্রামে কারো ধর্মীয় পরিচয় মুখ্য ছিল না, সবাই এক হয়ে দেশের জন্য লড়াই করেছেন।

তিনি স্পষ্ট করে বলেন, রাষ্ট্রের কাছে প্রতিটি নাগরিকের সমান অধিকার ও কর্তব্য রয়েছে। সমান নাগরিক অধিকারের পাশাপাশি নিরাপত্তার নিশ্চয়তা পাওয়া কোনো অনুগ্রহ নয়, বরং এটি সব ধর্মের মানুষের মৌলিক অধিকার।

‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’—এই মূলনীতির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী সবাইকে সব ধরনের বিভেদ ভুলে পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানান। একে অপরকে মানুষ হিসেবে বিবেচনা করা এবং পারস্পরিক সুরক্ষার মাধ্যমে দেশকে একযোগে এগিয়ে নিয়ে যাওয়ার ওপর তিনি গুরুত্বারোপ করেন।