অনলাইন ডেস্ক:
দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়ী করে তার দ্রুত পদত্যাগ দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী নিজের অর্পিত দায়িত্ব পালনে পুরোপুরি ব্যর্থ হয়েছেন এবং দেশবাসী এখন কেবল তার পদত্যাগের অপেক্ষায় প্রহর গুনছে। সোমবার (১৯ অক্টোবর) রাজধানীর পূর্ব বাড্ডার নিমতলা কালীমন্দির পরিদর্শন শেষে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
বক্তবে নাহিদ ইসলাম বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির ধসের কারণে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রীকে পদত্যাগ করানো হলেও মূল দায়ী স্বরাষ্ট্রমন্ত্রীকে কোনো ধরনের জবাবদিহির আওতায় আনা হচ্ছে না। স্বরাষ্ট্রমন্ত্রী নিজের মূল কাজ ফেলে সংবিধান নিয়ে ব্যস্ত রয়েছেন উল্লেখ করে তিনি বলেন, যে কাজটি উনার প্রধান দায়িত্ব ছিল, তিনি সেখানে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছেন।
আইন প্রয়োগকারী সংস্থার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ইশরাক হোসেন ফৌজদারি অপরাধ করেছেন এবং তার বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, সাবেক সংসদ সদস্য মিষ্টি পদত্যাগ করার পরও তাকে এখনো গ্রেফতার করা হয়নি, যা আইনের বৈষম্যমূলক প্রয়োগকে স্পষ্টভাবে নির্দেশ করে।
দেশের শাসনব্যবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করে এনসিপির আহ্বায়ক বলেন, বর্তমানে কোনো গণতান্ত্রিক নিয়ম বা আইনের শাসন অনুযায়ী দেশ পরিচালিত হচ্ছে না। কেবল একক ব্যক্তির ইচ্ছা, অনিচ্ছা ও নির্দেশের ওপর ভিত্তি করে রাষ্ট্র চালানো হচ্ছে, যা একটি স্বাধীন দেশের জন্য কোনোভাবেই কাম্য নয়।
সংবিধান সংশোধন কমিটি প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, সরকারের গঠন করা এই কমিটি একটি ‘নাটক’ ছাড়া কিছুই নয় এবং সাধারণ জনগণ ইতোমধ্যে এই কমিটিকে প্রত্যাখ্যান করেছে। নিজের অনুগত সুশীল সমাজ ও বুদ্ধিজীবীদের নিয়ে বৈঠক করে বিরোধীদের তুলে ধরা সংস্কার প্রস্তাবের বিরুদ্ধে বক্তব্য দেওয়া নেওয়া হচ্ছে, যা জনগণের সঙ্গে সরাসরি প্রহসনের শামিল।
পূর্ব বাড্ডার কালীমন্দির পরিদর্শনকালে নাহিদ ইসলামের পাশাপাশি উপস্থিত ছিলেন এনসিপির মুখপাত্র ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ দলটির কেন্দ্রীয় ও ঢাকা মহানগর শাখার শীর্ষপর্যায়ের নেতৃবৃন্দ।











