কক্সবাজারে রিসোর্টে আগুনে মৃত্যুর ঘটনায় ম্যানেজার গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের ইনানীর পাটুয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত ১০ জনের মৃত্যু ও ছয়জন আহত হওয়ার তথ্য নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় রিসোর্টটির ম্যানেজার মোহাম্মদ সুমনকে আটক করেছে পুলিশ।

 

আজ শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, জিজ্ঞাসাবাদের জন্য সুমনকে থানায় আটক রাখা হয়েছে। এ ব্যাপারে বিস্তারিত পরে জানানো হবে। শনিবার (১৭ অক্টোবর) সকাল ৭টার দিকে মেরিন ড্রাইভের পাটুয়ারটেক সমুদ্রসৈকত এলাকার টুপটুপ রিসোর্টে আগুন লাগে। সকাল ৮টা থেকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

 

দুপুর ২টা পর্যন্ত ১০ জনের মরদেহ উদ্ধার এবং ছয়জন আহত হওয়ার তথ্য নিশ্চিত করেন কক্সবাজার ফায়ার সার্ভিস স্টেশনের উপসহকারী পরিচালক সৈয়দ মোরশেদ হোসেন।

 

তিনি জানান, এখনো উদ্ধার অভিযান চলছে। রিসোর্টটির প্রতিটি কক্ষ তল্লাশি করা সম্ভব হয়নি। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

 

নিহতদের মধ্যে এ পর্যন্ত সাতজনের পরিচয় পাওয়া গেছে। বাকি তিনজনের পরিচয় নিশ্চিত করা যায়নি। পরিচয় পাওয়া নিহত সাতজন হলেন ঢাকার বনশ্রীর ইসরাত জাহান মালিহা (৩০) ও মিলিতা মেহেজাবিন আলভী (২৩), খিলগাঁওয়ের লায়লা জাহান নাবিলা (২৭) ও নাফিসতা মীম (২৭), চুয়াডাঙ্গার ফারিহা কবির (৩৩), ফায়িজান আহম্মেদ (৫) এবং আশুলিয়ার নাসরিন আক্তার মুক্তা (২৮)।

 

এ ঘটনায় আহত ছয়জনকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হয়েছে। তারা হলেন মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক শিহাব উদ্দীন (৩১), তার স্ত্রী নাফিজা নেওয়াজ খান (২৯), মান্নান (৩৪), মেহেরুন্নেসা (৩০), মাসুদ (৩০) ও সামিদা (৩২)।

 

কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান বলেন, আগুনের ঘটনায় এ পর্যন্ত ফায়ার সার্ভিসের নেতৃত্বে উদ্ধারকারী দল ১০ জনের মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় ছয়জনকে চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। তাদের মধ্যে চারজনকে হাসপাতালে ভর্তি করা হলেও দুজনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

 

আগুন লাগার কারণ জানা যায়নি বলে জানান জেলা প্রশাসক। এ ঘটনায় তদন্তের জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে (এডিএম) প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

 

এদিকে, ঢাকায় এক সংবাদ সম্মেলনে ফায়ার সার্ভিসের নবনিযুক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জানিয়েছেন, পাটুয়ারটেক এলাকায় অবস্থিত টুপটুপ রেস্টুরেন্ট অ্যান্ড রিসোর্টটির কোনো লাইসেন্স ছিল না। এ বিষয়ে আগে সতর্ক করা হলেও কর্তৃপক্ষ বৈধতা নেয়নি।