নিজস্ব প্রতিবেদক:
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজের পরিধি, ব্যস্ততা ও গতি আগের যেকোনো সময়ের তুলনায় বেড়েছে। মন্ত্রণালয়ের কাজ আরও দ্রুত ও কার্যকরভাবে পরিচালনার লক্ষ্যেই সরকার দুজন প্রতিমন্ত্রী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
শনিবার (২২ আগস্ট) রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘পলিটিক্স ল্যাব: বাংলাদেশে তরুণ নারীদের রাজনৈতিক নেতৃত্বের ক্ষমতায়ন’ শীর্ষক পাবলিক ডায়ালগ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুজন প্রতিমন্ত্রী নিয়োগের বিষয়ে শামা ওবায়েদ বলেন, গত ছয় মাসে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিগত ১৭ বছরের যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি কাজ হয়েছে। এরই মধ্যে প্রায় তিনটি নতুন উইং চালু করা হয়েছে।
তিনি বলেন, অভিবাসন ও অবৈধ অভিবাসন বন্ধে কাজ চলছে। পাশাপাশি প্রবাসী কল্যাণ, সংস্কৃতি, শ্রম ও বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আন্তঃমন্ত্রণালয় ফোকাল পয়েন্ট কমিটি গঠন করা হয়েছে। আগে এ ধরনের কমিটি ছিল না।
শামা ওবায়েদ আরও বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজের পরিধি ও ব্যস্ততা বাড়ার পাশাপাশি গতি বাড়ানোর প্রয়োজনও তৈরি হয়েছে। এ কারণে মন্ত্রণালয়ের কাজের সুবিধা ও গতি আরও বাড়াতে সরকার দুজন প্রতিমন্ত্রী রাখার সিদ্ধান্ত নিয়েছে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী টিমওয়ার্কের মাধ্যমে তারা কাজ করবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যস্ততা সামনে আরও বাড়তে পারে বলেও জানান শামা ওবায়েদ। তিনি বলেন, পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) সভাপতি নির্বাচিত হয়েছেন। আগামী এক বছর তিনি অত্যন্ত ব্যস্ত থাকবেন। ফলে মন্ত্রণালয়ের কাজের সুবিধার্থে দায়িত্ব ভাগ করে টিম হিসেবে কাজ করার প্রয়োজন রয়েছে।
মক্কা প্যাক্টে বাংলাদেশের স্বার্থই অগ্রাধিকার
মক্কা প্যাক্ট প্রসঙ্গেও কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেন, কোনো বহুপাক্ষিক সংস্থা বা জোটে যুক্ত হওয়ার ক্ষেত্রে বাংলাদেশের স্বার্থ এবং জনগণের স্বার্থই প্রধান বিবেচ্য হবে।
বাংলাদেশ কোনো বহুপাক্ষিক সংস্থা বা জোটে যুক্ত হবে কি না, সেই সিদ্ধান্ত সরকারই নেবে বলে জানান তিনি। এ ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া হলে বাংলাদেশের গণমাধ্যমই তা সবার আগে জানতে পারবে বলেও মন্তব্য করেন শামা ওবায়েদ।
তিনি বলেন, বিদেশি কোনো দেশের গণমাধ্যমে কী প্রকাশিত হচ্ছে, তা দেখে বাংলাদেশ প্রভাবিত হবে না।
হুমায়ুন কবিরও পররাষ্ট্র প্রতিমন্ত্রী
এর আগে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরকে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। শুক্রবার (২১ আগস্ট) তাকে এ দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
এর ফলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর পাশাপাশি দুজন প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করবেন। হুমায়ুন কবিরের সঙ্গে আগে থেকেই প্রতিমন্ত্রীর দায়িত্বে রয়েছেন শামা ওবায়েদ ইসলাম।










