কানাডা ও মেক্সিকোর ওপর নতুন শুল্কারোপের হুমকি ট্রাম্পের

অনলাইন ডেস্ক:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডা ও মেক্সিকোর ওপর নতুন করে রাজস্ব আরোপের পরিকল্পনা করছেন, যা আগামী ১ মার্চ থেকে কার্যকর হতে পারে। তবে কিছু কিছু আমদানির ক্ষেত্রে শুল্ক ছাড় দেওয়ার সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।

এই পদক্ষেপ বিশ্ব বাণিজ্যে নতুন উত্তেজনা তৈরি করতে পারে। কানাডা ও মেক্সিকোর নেতারা এর পাল্টা ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (১ ফেব্রুয়ারি) থেকে কানাডা ও মেক্সিকোর ওপর ২৫ শতাংশ হারে শুল্ক আরোপের হুমকি দিয়েছেন ট্রাম্প। তবে তেল আমদানি এই শুল্কের আওতার বাইরে থাকতে পারে।

মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ট্রাম্প আনুষ্ঠানিক ঘোষণা না দেওয়া পর্যন্ত আগের নিয়ম বহাল থাকবে। তবে শুক্রবার (৩১ জানুয়ারি) তিনি শুল্কারোপের বিষয়টি পর্যালোচনা করবেন। হোয়াইট হাউসে দেওয়া এক বক্তব্যে তিনি জানান, তেল আমদানিকে শুল্কের বাইরে রাখা হতে পারে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে দামের ওপর ভিত্তি করে।

ট্রাম্পের দাবি, আমদানি হ্রাস পাওয়ার আশঙ্কা থাকলেও তা দীর্ঘস্থায়ী হবে না, কারণ যুক্তরাষ্ট্রের প্রয়োজনীয় তেলের পর্যাপ্ত মজুত রয়েছে।

মার্কিন জ্বালানি তথ্য প্রশাসনের তথ্যমতে, ২০২৩ সালে আমেরিকার অপরিশোধিত তেলের অর্ধেকেরও বেশি সরবরাহ করেছে কানাডা এবং ১১ শতাংশ এসেছে মেক্সিকো থেকে।

নির্বাচনে বিজয়ের পর থেকেই ট্রাম্প প্রতিবেশী দেশ দুটির ওপর উচ্চ শুল্ক আরোপের হুমকি দিয়ে আসছেন। তিনি দাবি করেন, সীমান্তে অবৈধ অভিবাসন ও মাদক নিয়ন্ত্রণের জন্য এই পদক্ষেপ প্রয়োজন।

এছাড়া, সিন্থেটিক ওপিওয়েড ফেন্টানাইল সরবরাহ বন্ধে চীনা পণ্যের ওপরও ১০ শতাংশ শুল্কারোপের পরিকল্পনা করছেন বলে জানিয়েছেন ট্রাম্প।