কুমিল্লায় লবণবোঝাই কভার্ড ভ্যানে মিলল ১ লাখ ৬০ হাজার ইয়াবা, আটক ৫

নিজস্ব প্রতিবেদক:

লবণ পরিবহনের আড়ালে ঢাকা অভিমুখে পাচার করা হচ্ছিল বিপুল পরিমাণ ইয়াবার চালান। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কুমিল্লার পদুয়ারবাজার এলাকায় একটি কভার্ড ভ্যান থেকে ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ কোটি ৮০ লাখ টাকা। এ ঘটনায় কভার্ড ভ্যানের মালিক ও চালকসহ পাঁচজনকে আটক করা হয়েছে।

 

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে ঢাকা, চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পদুয়ারবাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। কুমিল্লা জেলা পুলিশ জানায়, একটি প্রাইভেটকারের সহায়তায় ইয়াবার চালান ঢাকার দিকে নেওয়া হচ্ছিল। প্রাথমিক তথ্যের ভিত্তিতে সন্দেহভাজন প্রাইভেটকারটি থামিয়ে চালক ও আরোহীদের জিজ্ঞাসাবাদ করা হয়।

 

জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা লবণবোঝাই একটি কভার্ড ভ্যানে বিশেষ কৌশলে ইয়াবা পাচারের তথ্য দেয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পদুয়ারবাজার এলাকায় কভার্ড ভ্যানটি আটক করা হয়। স্থানীয় একটি গ্যারেজে নিয়ে গাড়িটির উপরের অংশ কেটে তল্লাশি চালিয়ে ১৬টি প্যাকেটে লুকিয়ে রাখা ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।

 

আটক ব্যক্তিরা হলেন, কভার্ড ভ্যানের মালিক সিরাজগঞ্জের শিপন শেখ, প্রাইভেটকার চালক রুবেল, যাত্রী সোহেল রানা, কভার্ড ভ্যান চালক মোজাহের শেখ এবং তার সহকারী সুরুজ হোসেন।

 

কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, “চৌদ্দগ্রাম থেকে একটি প্রাইভেটকারের স্কটের মাধ্যমে ইয়াবার চালান ঢাকার দিকে নেওয়া হচ্ছিল। প্রাইভেটকারে থাকা ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে লবণ পরিবহনের আড়ালে ইয়াবা পাচারের বিষয়টি জানা যায়।”

 

তিনি আরও বলেন, “কভার্ড ভ্যানটিতে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১৬টি প্যাকেট থেকে ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ কোটি ৮০ লাখ টাকা।”

 

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। একই সঙ্গে এই চালানের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, সে বিষয়েও তদন্ত অব্যাহত রয়েছে।