জেলা প্রতিনিধি:
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জামালপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি কৃষক আহত হয়েছেন। এ ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সতর্ক অবস্থান নিয়ে পাল্টা গুলি চালায়।
শনিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার জামালপুর সীমান্তের ১৫২/১০-এস নম্বর সীমান্ত পিলারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
আহত সাজুল হোসেন (৩০) জামালপুর গ্রামের সাবাজ হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সীমান্তের শূন্যরেখার কাছে ঘাস কাটতে গেলে বিএসএফের টহল দল সাজুলকে লক্ষ্য করে এক রাউন্ড ছররা গুলি ছোড়ে। এতে তার কোমর থেকে পায়ের গোড়ালি পর্যন্ত গুলি লাগে।
পরে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সকালে বিএসএফ হঠাৎ গুলি চালালে এক বাংলাদেশি নাগরিকের পায়ে গুলি লাগে। ঘটনার পরপরই বিজিবির জামালপুর বিওপির নিয়মিত টহল দল দ্রুত সীমান্ত এলাকায় অবস্থান নেয় এবং পাল্টা গুলি চালায়।
এছাড়া সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি বহুগুণ বাড়ানো হয়েছে এবং বর্তমানে ওই সীমান্তে অতিরিক্ত সতর্কতা জারি রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, গুলিতে এক বাংলাদেশি নআহত হয়েছেন। তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার পর বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছেন বলেও জানান তিনি।
গুলিবিদ্ধ সাজুল হোসেনকে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.তৌহিদ হাসান তুহিন বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে ঘটনার পর স্থানীয় লোকজন এক ভারতীয় নাগরিককে আটক করেছেন বলে দাবি করছেন। তবে বিজিবির পক্ষ থেকে বিষয়টি এখনও নিশ্চিত করা হয়নি। এ সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেওয়া হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।











