কুড়িগ্রামে শীতের তীব্রতা বৃদ্ধি, বিপাকে মানুষ

ফাইল ছবি

জেলা প্রতিনিধি :

তাপমাত্রা কমায় কুড়িগ্রামে শীতের তীব্রতা বেড়েছে, যার ফলে সাধারণ মানুষের জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়ছে। বিশেষ করে কৃষি শ্রমিক এবং স্বল্প আয়ের খেটে খাওয়া মানুষজন শীতের তীব্রতায় কষ্টে পড়েছেন।

বুধবার (১১ ডিসেম্বর) সকাল ৭টায় কুড়িগ্রামের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১২ ডিগ্রি সেলসিয়াস, যা গতকালের তুলনায় কিছুটা কম। গতকাল তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিস জানায়, আকাশে ঘন মেঘ থাকার কারণে আগামী ২৪ ঘণ্টায় সূর্যের দেখা না মিলতে পারে। এতে শীতের তীব্রতা আরও বৃদ্ধি পাবে।

শীতের কারণে কৃষি শ্রমিকরা বিশেষভাবে বিপদগ্রস্ত। অনেকেই খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। তীব্র ঠান্ডায় কিছুক্ষণের জন্য কাজ করা কঠিন হয়ে পড়েছে। দিনের বেলা তাপমাত্রা কিছুটা বাড়লেও, সন্ধ্যার পর থেকে তাপমাত্রা আবারও কমে আসে এবং মধ্যরাত থেকে সকাল পর্যন্ত শীতের তীব্রতা সবচেয়ে বেশি অনুভূত হয়।

কুড়িগ্রামের ১৬টি নদ-নদী তীরবর্তী চর এবং দ্বীপ চরের দরিদ্র মানুষজন সবচেয়ে বেশি কষ্টে পড়েছেন। কুড়িগ্রাম সদরের যাত্রাপুর ইউনিয়নের ঘোড়ার গাড়ি চালক সিরাজুল ইসলাম বলেন, ‘কয়েকদিন ধরে খুব ঠান্ডা। আজ আরও বেশি ঠান্ডা। হাত-পা বরফ হয়ে যায়, কাজ করতে খুব সমস্যা হচ্ছে।’

একই ইউনিয়নের ধরলার পাড় এলাকার সাইফুল বলেন, ‘বোরো বীজতলা তৈরির কাজ করছি। পানিতে হাত দেওয়া যায় না, এতো ঠান্ডা। তবে কাজ ছাড়া উপায় নেই।’

কুড়িগ্রাম আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, ‘গত দুই সপ্তাহ ধরে জেলার তাপমাত্রা ১২ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উঠানামা করছে। এ মাসের ১৫ তারিখের পর শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।’