নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের পথে এক নতুন পদক্ষেপ হিসেবে শনিবার (৮ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইট এবং সংবিধান সংস্কার কমিশনের ওয়েবসাইটে রাষ্ট্র সংস্কারের ছয়টি কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার।
প্রথম ধাপে গঠিত ছয়টি কমিশনের মধ্যে সংবিধান, নির্বাচন ব্যবস্থা, পুলিশ সংস্কার, দুর্নীতি দমন কমিশন (দুদক) সংস্কার, জনপ্রশাসন এবং বিচার বিভাগ সংস্কারের প্রাথমিক প্রতিবেদন ১৫ জানুয়ারি প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করা হয়েছিল। এরপর ৫ ফেব্রুয়ারি জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে পাঠানো হয়।
এখন বাকি রয়েছে নভেম্বরে গঠিত দ্বিতীয় ধাপে আরও পাঁচটি কমিশনের প্রতিবেদন, যেগুলোর মধ্যে গণমাধ্যম, স্বাস্থ্য, শ্রম, নারী বিষয়ক এবং স্থানীয় সরকার সংস্কার কমিশন অন্তর্ভুক্ত রয়েছে।
ছয়টি সংস্কার কমিশন নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার একটি জাতীয় ঐকমত্য কমিশনও গঠন করেছে, যার নেতৃত্বে রয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। ঐকমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক আলী রীয়াজ, যিনি সংবিধান সংস্কার কমিশনের প্রধানও।
এছাড়াও, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান হিসেবে নাগরিক সংগঠন সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার, পুলিশ প্রশাসন সংস্কার কমিশনের প্রধান সাবেক স্বরাষ্ট্র ও সংস্থাপন সচিব সফর রাজ হোসেন, বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান সাবেক আপিল বিভাগের বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান, দুর্নীতি দমন কমিশন সংস্কারের প্রধান ইফতেখারুজ্জামান এবং জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান হিসেবে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের চেয়ারম্যান আব্দুল মুয়ীদ চৌধুরী দায়িত্ব পালন করবেন।
আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, ছয়টি কমিশনের প্রতিবেদন প্রকাশের পর জাতীয় ঐকমত্য কমিশনের কার্যক্রম শুরু হবে। রাজনৈতিক দল ও গণঅভ্যুত্থানের পক্ষের শক্তির সঙ্গে আলোচনা এবং সমঝোতা করে জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম আনুষ্ঠানিক বৈঠক ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে অনুষ্ঠিত হবে।
প্রেস সচিব শফিকুল আলমও জানিয়েছেন, ছয়টি কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন নিয়ে দেশের রাজনৈতিক দল এবং সিভিল সোসাইটির সঙ্গে আলোচনা করা হবে। ঐকমত্যের ভিত্তিতে সরকার জুলাই সনদ প্রণয়ন করবে, যা রাজনৈতিক দলগুলোর স্বাক্ষরের মাধ্যমে চূড়ান্ত হবে।











