নিজস্ব প্রতিবেদক:
সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার উপর গণপিটুনির ঘটনার নিন্দা জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, তার দল ‘গণপিটুনির সংস্কৃতিকে’ সমর্থন করে না। তিনি বলেন, “আমরা আইনের শাসনে বিশ্বাস করি এবং সেভাবেই সব পরিস্থিতি মোকাবিলা করতে চাই।”
সোমবার (২৩ জুন) ইউএনবিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। যদি প্রমাণিত হয় যে বিএনপির কেউ এতে জড়িত—তাহলে তদন্তের পর দলীয়ভাবে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি বলেন, “আমরা চাই নূরুল হুদার বিরুদ্ধে আদালতের মাধ্যমে স্বচ্ছ প্রক্রিয়ায় বিচার হোক। কিন্তু যে অমানবিক আচরণ তার সঙ্গে করা হয়েছে, সেটি সমর্থনযোগ্য নয়। কোনো ব্যক্তিরই সাংবিধানিক অধিকার লঙ্ঘন করা উচিত নয়, সে যত বড় অপরাধীই হোক না কেন।”
রবিবার (২৩ জুন) রাতে রাজধানীর উত্তরার নিজ বাসভবনে সাবেক সিইসি নূরুল হুদার উপর একদল জনতা চড়াও হয়। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, হুদার গলায় জুতার মালা এবং মুখে আঘাত করা হচ্ছে—যা ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।
তবে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ একযোগে নূরুল হুদার ভূমিকারও কড়া সমালোচনা করেন। তিনি বলেন, “নূরুল হুদা বাংলাদেশের গণতন্ত্র এবং নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করার জন্য দায়ী ব্যক্তিদের একজন। শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসন দীর্ঘায়িত করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।”
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকসহ আরও কিছু সাংবিধানিক ব্যক্তির দিকেও আঙুল তোলেন বিএনপি নেতা। তবে স্পষ্ট করে জানান, “আমরা জনতার বিচারের মতো ভয়ানক সংস্কৃতিতে বিশ্বাস করি না।”











