নিজস্ব প্রতিবেদক:
আগামী ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে জাতীয় পর্যায়ে নানা কর্মসূচি গ্রহণ করেছে অন্তর্বর্তী সরকার। এদিন যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপনের অংশ হিসেবে ২৫ মার্চ রাতে ১ মিনিটের জন্য প্রতীকী ব্ল্যাক আউটসহ (জরুরি স্থাপনা ব্যতীত) বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হবে।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. এনায়েত হোসেন সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা দিবসটি উপলক্ষে বাণী দেবেন।
এছাড়া, সারা দেশের স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা এবং বিশিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে গণহত্যার স্মৃতিচারণ ও আলোচনা সভা আয়োজনের নির্দেশনা দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ২৫ মার্চ মুক্তিযুদ্ধ জাদুঘরে সকাল ১০টা অথবা সুবিধাজনক যেকোনো সময়ে ‘গণহত্যা ও মুক্তিযুদ্ধবিষয়ক’ সেমিনার অনুষ্ঠিত হবে। ঢাকাসহ দেশের সব সিটি করপোরেশনে গণহত্যার ওপর দুর্লভ আলোকচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করা হবে, যা বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার প্রচার করবে।
এছাড়া, ২৫ মার্চ রাতে নিহতদের স্মরণে বাদ যোহর বা সুবিধাজনক সময়ে সব মসজিদে বিশেষ মোনাজাত এবং অন্যান্য উপাসনালয়ে প্রার্থনার আয়োজন করা হবে।
এদিন রাত সাড়ে ১০টা থেকে ১০টা ৩১ মিনিট পর্যন্ত ১ মিনিটের প্রতীকী ব্ল্যাক আউট (কেপিআই/জরুরি স্থাপনা ব্যতীত) পালন করা হবে। তবে, সরকারের পক্ষ থেকে ২৫ মার্চ রাতে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবন ও স্থাপনায় কোনো ধরনের আলোকসজ্জা করতে নিষেধ করা হয়েছে।











