গাজা উপত্যকার পুরো নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল নেতানিয়াহু

অনলাইন ডেস্ক:

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা উপত্যকায় পুরোপুরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, আন্তর্জাতিক সমর্থন বজায় রাখতে এবং গাজায় মানবিক বিপর্যয় ঠেকানোর উদ্দেশে সীমিত পরিসরে খাদ্য সহায়তা প্রবাহিত হতে দেবে ইসরায়েল। গতকাল এক ভিডিও বার্তায় তিনি এই ঘোষণা দেন। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স ও ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াইনেট এ খবর জানিয়েছে।

নেতানিয়াহুর ঘোষণার পরপরই গাজার উত্তর ও দক্ষিণে ব্যাপক স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল। এটি শুরু হয় যখন কাতারে ইসরায়েল ও হামাসের মধ্যে পরোক্ষ শান্তি আলোচনা কার্যত ফলপ্রসূ হয়নি বলে দুই পক্ষের সূত্র জানিয়েছে।

নেতানিয়াহু গাজার খাদ্য সংকট এবং মানবিক বিপর্যয় সম্পর্কে সতর্কতা উচ্চারণ করেন। তিনি বলেন, “গাজার দুর্ভিক্ষ পরিস্থিতি যে কোনও মূল্যে ঠেকাতে হবে। না হলে আমরা কূটনৈতিক ও সামগ্রিক সমর্থন হারাতে পারি, যা আমাদের চূড়ান্ত লক্ষ্য অর্জনে বাধা হয়ে দাঁড়াবে।” তিনি আরও জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ একাধিক রিপাবলিকান নেতা তাকে গাজায় মানবিক বিপর্যয়ের বিষয়ে সতর্ক করেছেন এবং জানিয়েছেন, তারা খাদ্য সংকট সমাধানে ইসরায়েলের পাশে দাঁড়াবে না, তবে হামাসকে পরাস্ত করতে সব ধরনের সহায়তা দেবেন।

নেতানিয়াহু জানান, ইসরায়েল সেনাবাহিনীর সহায়তায় একটি নিয়ন্ত্রিত এলাকা স্থাপন করবে, যেখানে গাজাবাসীরা নিরাপদে খাদ্য এবং ওষুধ সংগ্রহ করতে পারবেন। তবে, এই ব্যবস্থা হামাসের হাতে খাদ্য লুট হওয়ার সুযোগ বন্ধ রাখার জন্য নেওয়া হবে।

গাজার পরিস্থিতি সামলাতে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে সরকারের অভ্যন্তরীণ চাপের মধ্যে এই পদক্ষেপ নিতে হয়েছে। যুদ্ধ পরিচালনার কৌশল, গাজায় খাদ্য সহায়তা পাঠানো এবং নিরাপত্তা ক্যাবিনেটে ভোট গ্রহণে আপত্তি সহ বিভিন্ন কারণে সরকারের কট্টরপন্থি অংশ তার বিরুদ্ধে দাঁড়িয়ে রয়েছে।

বিশ্লেষকরা সতর্ক করেছেন যে, খাদ্য সংকট দ্রুত সমাধান না হলে গাজায় দুর্ভিক্ষ সৃষ্টি হতে পারে, যা মানবিক বিপর্যয়ের দিকে নিয়ে যেতে পারে।