গ্যাস সংকট সমাধানে দ্রুত উদ্যোগের আশ্বাস প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক:

দেশের শিল্প খাতে চলমান গ্যাস সংকটসহ টেক্সটাইল খাতের নানা সমস্যা সমাধানে দ্রুত উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করে কার্যকর সিদ্ধান্ত নিতে আগামী এক সপ্তাহের মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পরবর্তী বৈঠক আয়োজনের নির্দেশও দিয়েছেন তিনি। বুধবার (২৯ জুলাই) সচিবালয়ে টেক্সটাইল শিল্পের সমস্যা নিয়ে উচ্চপর্যায়ের আন্তঃমন্ত্রণালয় কমিটির সভায় এসব আলোচনা হয়।

 

সভা শেষে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল সাংবাদিকদের বলেন, সময়োপযোগী সিদ্ধান্ত না নেওয়ার কারণেই শিল্প খাতে গ্যাস সংকটসহ বর্তমান নানা সমস্যা তৈরি হয়েছে। তবে সমস্যা সমাধানে সরকারের আন্তরিকতায় উদ্যোক্তারা আশাবাদী।

 

শওকত আজিজ রাসেল বলেন, “টেক্সটাইল খাতের বিদ্যমান সংকট নিরসনে সরকারের আন্তরিকতায় দেশের ব্যবসায়ীরা উদ্যোক্তা হিসেবে উৎসাহিত বোধ করছেন।” তিনি জানান, প্রধানমন্ত্রী নিজে টেক্সটাইল খাতের বর্তমান পরিস্থিতি বোঝার চেষ্টা করেছেন এবং সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার বিষয়ে আগ্রহ দেখিয়েছেন।

 

বিটিএমএ সভাপতি আরও বলেন, গত ১৭ বছরে এ ধরনের সময়োপযোগী উদ্যোগ নেওয়া হলে শিল্প খাতের বর্তমান দুরবস্থা তৈরি হতো না। তার ভাষায়, “বর্তমান প্রধানমন্ত্রী টেক্সটাইল খাতের পরিস্থিতি বোঝার চেষ্টা করছেন। বিদ্যমান অবস্থায় সরকারের যে মনোযোগ পাওয়া যাচ্ছে, তা গত ১৭ বছর পাওয়া গেলে বর্তমানের দুরবস্থা হতো না।”

 

বৈঠকে শিল্প খাতের গ্যাস সংকটকে গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি টেক্সটাইল শিল্পের অন্যান্য সমস্যার কথাও তুলে ধরেন ব্যবসায়ীরা। পুরোপুরি বন্ধ হয়ে যাওয়া কিংবা আংশিক ক্ষতিগ্রস্ত কারখানাগুলোর কোথায় কী ধরনের সহায়তা ও সুযোগ-সুবিধা প্রয়োজন, তা চিহ্নিত করতে উদ্যোক্তাদের কাছ থেকে বিস্তারিত প্রতিবেদন চাওয়া হয়েছে।

 

সরকারের গঠিত উচ্চপর্যায়ের আন্তঃমন্ত্রণালয় কমিটির সভায় টেক্সটাইল খাতের মূল সমস্যা ও চ্যালেঞ্জগুলো তুলে ধরেন শওকত আজিজ রাসেল। পরে কমিটির সদস্য এবং বিটিএমএর প্রতিনিধিদের মধ্যে এসব সমস্যা সমাধানের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

 

সভায় বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, প্রধানমন্ত্রী টেক্সটাইল খাতের সমস্যাগুলো সম্পর্কে অবগত এবং সমাধানে আন্তরিক ও প্রতিশ্রুতিবদ্ধ। এ কারণেই দ্রুত সমাধানের প্রস্তাব তৈরির জন্য উচ্চপর্যায়ের আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করা হয়েছে।

 

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে বাণিজ্যমন্ত্রী ছাড়াও প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান এবং এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব উপস্থিত ছিলেন।

 

এর আগে ২২ জুলাই বিটিএমএর সভাপতি শওকত আজিজ রাসেলের নেতৃত্বে একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে সচিবালয়ে সাক্ষাৎ করে টেক্সটাইল শিল্পের বিভিন্ন সমস্যা তুলে ধরে। ওই বৈঠকেই সমস্যাগুলো সমাধানে প্রস্তাব তৈরির জন্য উচ্চপর্যায়ের আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠনের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

 

এর ধারাবাহিকতায় ২৯ জুলাই কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধানমন্ত্রী একপর্যায়ে যোগ দিয়ে সংশ্লিষ্টদের বক্তব্য শোনেন এবং সমস্যাগুলো দ্রুত সমাধানের বিষয়ে মতামত দেন। পাশাপাশি সংশ্লিষ্ট সব অংশীজনের সঙ্গে আলোচনা করে কার্যকর সিদ্ধান্ত নেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।

 

বৈঠক শেষে শওকত আজিজ রাসেল বলেন, “সার্বিক সমস্যা সমাধানে ব্যবসায়ীরা যথেষ্ট আশাবাদী।” শিল্প খাতে গ্যাস সংকটসহ টেক্সটাইলের অন্যান্য সমস্যা দ্রুত সমাধানে সরকারের উদ্যোগ বাস্তবায়িত হলে উৎপাদন ও ব্যবসায়িক কার্যক্রমে গতি ফিরবে বলে প্রত্যাশা করছেন উদ্যোক্তারা।