গাজীপুরে ট্রাক ও কাভার্ড ভ্যানের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় বুধবার (১১ ডিসেম্বর) রাতে ট্রাক ও কাভার্ড ভ্যানের ধাক্কায় অটোরিকশার চালকসহ ৪ জন নিহত হয়েছেন। রাত ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া বাইপাস এলাকা থেকে যাত্রীবাহী একটি অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয় একটি ট্রাক। এর পর, অটোরিকশাটি সামনে থাকা কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা খায় এবং এক পর্যায়ে ট্রাক ও কাভার্ড ভ্যানের মাঝে চাপা পড়ে।

এ দুর্ঘটনায় অটোরিকশার চালক ঘটনাস্থলেই মারা যান। পরে আহত তিন যাত্রীকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে, চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। নিহতদের মধ্যে ছালেহা আক্তার টুকটুকি (২৬), ইমরান হাসান রাজন (৩৮), মো. মামুন (২৩) ও মো. দুলাল (৪২) এর নাম জানা গেছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানার এসআই দুলাল চন্দ্র জানান, নিহতদের লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে এবং তাদের পরিচয় সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা চলছে। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।