গুলিস্তানে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর গুলিস্তানের আলু বাজার এলাকার একটি সেলুনে এসি বিস্ফোরণের ঘটনায় ১০ জন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে নয়জনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। দগ্ধদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

 

মঙ্গলবার (১৪ জুলাই) দিবাগত রাত প্রায় ১টার দিকে গুলিস্তানের আলু বাজার এলাকার ‘আরমান সেলুনে’ এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও আহতদের ভাষ্য অনুযায়ী, হঠাৎ বিকট শব্দে সেলুনের এসি বিস্ফোরিত হলে মুহূর্তেই ভেতরে আগুন ছড়িয়ে পড়ে। এতে সেলুনে থাকা কর্মী ও গ্রাহকেরা দগ্ধ হন।

 

ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যান। দগ্ধদের মধ্যে রয়েছেন গ্রাহক ফারুক (৩৫), রিংকু (৩০), রনি (৩৬), জসিম (৪০) ও রফিক (২৫)। এছাড়া সেলুনের কর্মী সামশেদ (৩০), রাজু (৩৪), পাপ্পু (২৬), সাকিব (১৭) ও আরমান (৩৭) আহত হয়েছেন।

 

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, ফারুকের শরীরের ৫০ শতাংশ দগ্ধ হয়েছে, যা সবচেয়ে বেশি। এছাড়া রিংকুর ২১ শতাংশ, রাজু ও পাপ্পুর ১৮ শতাংশ করে, সামশেদ ও আরমানের ১৫ শতাংশ করে, রফিকের ১২ শতাংশ, রনির ১০ শতাংশ, জসিমের ৮ শতাংশ এবং সাকিবের ১ শতাংশ দগ্ধ হয়েছে।

 

তিনি আরও বলেন, “সাকিবকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি নয়জনকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।”

 

এসি বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে বিস্ফোরণের কারণ অনুসন্ধানে সংশ্লিষ্টরা কাজ করছেন।