অনলাইন ডেস্ক:
বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, শিল্পখাতে গ্যাসের প্রতি ইউনিট দাম ৭০ টাকা নির্ধারণ করলে একটার পর একটা কারখানা বন্ধ হয়ে যাবে। তিনি বলেন, গ্যাসের দাম ৩০ টাকা থেকে বাড়িয়ে ৭০ টাকা করা হলে নতুন বিনিয়োগকারীরা বিনিয়োগ করতে আগ্রহী হবে না এবং ব্যাংকও নতুন প্রকল্পে অর্থায়ন করবে না।
শওকত আজিজ রাসেল জানান, এটি টেকসই সিদ্ধান্ত হবে না এবং এ ধরনের পদক্ষেপ দেশের শিল্প খাতের উন্নয়নে বাধা সৃষ্টি করবে।
এছাড়া, তিনি সংবাদ সম্মেলনে ঘোষণা দেন যে, আগামী ২০ থেকে ২৩ ফেব্রুয়ারি ঢাকায় অনুষ্ঠিত হবে ঢাকা আন্তর্জাতিক টেক্সটাইল ও গার্মেন্ট মেশিনারি এক্সিবিশন (ডিটিজি)-এর ১৯তম সংস্করণ। প্রদর্শনীটি অনুষ্ঠিত হবে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরা (আইসিসিবি)-তে।
এক্সিবিশনে ৩৩টি দেশের এক হাজার ৬০০টি স্টল এবং এক হাজার ১০০টিরও বেশি শীর্ষস্থানীয় ব্র্যান্ড অংশগ্রহণ করবে। এতে টেক্সটাইল মেশিনারি, ফেব্রিক, ফিলামেন্ট, কেমিক্যালস, ডাইং প্রযুক্তি এবং এক্সেসরিজ প্রদর্শন করা হবে।
এছাড়া, সেমিনারে টেকসই উৎপাদন ও আধুনিক প্রযুক্তি নিয়ে আলোচনা করা হবে। মেলার অন্যতম আকর্ষণ হবে ডিটিজি ফ্যাশন শো, যা ২১ ও ২২ ফেব্রুয়ারি ২০২৫, আইসিসিবির ৩ নম্বর হলে অনুষ্ঠিত হবে।
বিটিএমএ সভাপতি জানান, এই মেলা স্থানীয় উদ্যোক্তাদের নতুন প্রযুক্তির সাথে পরিচয় করিয়ে দিতে এবং শিল্পে আরও বিনিয়োগ আকর্ষণ করতে সহায়ক হবে।











