নিজস্ব প্রতিবেদক:
গ্যাস সরবরাহের সংকট কাটিয়ে দেশের অর্থনীতিকে আরও গতিশীল করা, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং উদ্যোক্তাবান্ধব পরিবেশ গড়ে তুলতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী আব্দুল মুক্তাদির। রোববার (২৮ জুন) রাজধানীর বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) কার্যালয়ে বিশ্ব এমএসএমই দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করতে শিল্প পার্কগুলোতে গ্যাস সরবরাহের বিদ্যমান সংকট দূর করার বিষয়ে সরকার অগ্রাধিকার দিচ্ছে। তাঁর মতে, শিল্প উৎপাদন ও বিনিয়োগ বাড়াতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি জানান, ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোক্তাদের জন্য আরও অনুকূল ব্যবসায়িক পরিবেশ গড়ে তুলতে সরকার একাধিক প্রকল্প বাস্তবায়ন করছে। উদ্যোক্তাদের বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন এবং প্রয়োজনীয় নীতিগত সহায়তা নিশ্চিত করার দিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে।
আব্দুল মুক্তাদির বলেন, “গত ১৭ বছরে দেশে প্রত্যাশিত হারে নতুন উদ্যোক্তা তৈরি হয়নি। এর ফলে আয় বৈষম্য বেড়েছে।” তিনি আরও বলেন, বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে হলে নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং উদ্যোক্তাবান্ধব পরিবেশ গড়ে তোলার বিকল্প নেই। এ লক্ষ্যেই সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে এগোচ্ছে।
অনুষ্ঠানে বক্তারা ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোক্তাদের জন্য অর্থায়ন, প্রযুক্তি এবং বাজারসংযোগ সহজ করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে এমএসএমই খাতের বিকাশে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান এবং উন্নয়ন সহযোগীদের মধ্যে সমন্বিত সহযোগিতা আরও জোরদারের আহ্বান জানান তারা।
বিশ্ব এমএসএমই দিবস উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের উন্নয়ন, কর্মসংস্থান বৃদ্ধি এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধিতে এমএসএমই খাতের ভূমিকা নিয়েও আলোচনা করা হয়।











