চট্টগ্রামের ১০ ট্রাক অস্ত্র মামলা: সাবেক মন্ত্রী বাবরসহ ৭ আসামির খালাস, পরেশ বড়ুয়াকে যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রামের বহুল আলোচিত ১০ ট্রাক অস্ত্র চোরাচালান মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ৭ আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট। একই সাথে, উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়াকে মৃত্যুদণ্ড থেকে কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

২০০৪ সালের ১ এপ্রিল চট্টগ্রামের সিইউএফএল ঘাট থেকে ১০ ট্রাক অস্ত্র আটক হয়। এ ঘটনায় কর্ণফুলী থানায় অস্ত্র আইন ও বিশেষ ক্ষমতা আইনে দুটি মামলা দায়ের করা হয়। ২০১৪ সালের ৩০ জানুয়ারি চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত এবং বিশেষ ট্রাইব্যুনাল-১ রায় দেয়, যেখানে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী (অন্য মামলায় ফাঁসি কার্যকর), উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়া এবং দুই গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ১৪ জনের মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়। অস্ত্র আইনে করা অন্য মামলায় একই আসামিদের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

২০১৪ সালের ৬ ফেব্রুয়ারি বিচারিক আদালতের রায়সহ মামলার নথি হাইকোর্টে পাঠানো হয়, যা ডেথ রেফারেন্স মামলা হিসেবে নথিভুক্ত হয়। এরপর কারাগারে থাকা দণ্ডিত আসামিরা ২০১৪ সালে হাইকোর্টে তাদের সাজার বিরুদ্ধে পৃথক আপিল করেন।

এদিকে, ৬ নভেম্বর থেকে হাইকোর্টে আসামিদের ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শুরু হয়। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ কিছু আসামির পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী এস এম শাহজাহান এবং শিশির মনির।