চট্টগ্রাম আদালত থেকে এক হাজার ৯১১ মামলার নথি গায়েব

জেলা প্রতিনিধি :

চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত থেকে এক হাজার ৯১১টি মামলার নথি গায়েব হওয়ার ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। সোমবার (৬ জানুয়ারি) চট্টগ্রাম কোতোয়ালি থানায় এই ডায়েরি করেন আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মফিজুল হক ভুঁইয়া।

আইনজীবীরা এই ঘটনার প্রতি বিস্ময় প্রকাশ করেছেন। তারা বলছেন, হত্যাকাণ্ড, মাদক, চোরাচালান, বিস্ফোরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার নথি গায়েব হয়েছে, যা বিচারিক কাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

নথি হারানোর ঘটনায় আইনজীবীরা উদ্বেগ প্রকাশ করে বলেন, এসব নথি না থাকলে অপরাধ প্রমাণ করা কঠিন হয়ে পড়বে। তারা ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান।

আদালত সূত্রে জানা গেছে, চট্টগ্রাম মহানগর পিপি কার্যালয়ে ২৮-৩০টি আদালতের কেস ডকেট সংরক্ষিত ছিল। জায়গা-স্বল্পতার কারণে ২০২৩ সালের ২৪ এপ্রিল থেকে এই নথিগুলি পিপি কার্যালয়ের সামনের বারান্দায় প্লাস্টিকের বস্তায় পলিথিনে মোড়ানো অবস্থায় রাখা হয়েছিল। তবে আদালতের অবকাশকালীন ছুটির সময়, ১৩-৩১ ডিসেম্বরের মধ্যে নথিগুলি হারিয়ে যায় এবং খোঁজাখুঁজি করেও সেগুলি উদ্ধার করা সম্ভব হয়নি।

জেলা আইনজীবী সমিতির সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী জানিয়েছেন, মামলার তদন্ত কর্মকর্তা সিডিতে মামলার অগ্রগতির বিবরণ লিখে রাখেন, যা ভবিষ্যতে সাক্ষ্য প্রদানে সহায়ক হয়। সিডি না থাকলে, মামলার প্রক্রিয়ায় বড় ধরনের ক্ষতি হতে পারে, এমন আশঙ্কা ব্যক্ত করেন তিনি।

এদিকে, চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর মো. মফিজুল হক ভূঁইয়া বলেন, “এত গুরুত্বপূর্ণ স্থান থেকে মামলার নথি হারিয়ে যাওয়া কোনো সাধারণ ঘটনা নয়। কে বা কারা এই নথি গায়েব করেছে, তা খুঁজে বের করতে হবে। আসামিরা এই পরিস্থিতি থেকে সুবিধা নিতে পারেন,” মন্তব্য করেন তিনি।