নিজস্ব প্রতিবেদক:
সৌদি আরবে রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় দেশটির সঙ্গে মিল রেখে চাঁদপুরের ৪০টি গ্রামে শনিবার (১ মার্চ) থেকে পবিত্র রমজান শুরু হচ্ছে। এর আগে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাতে তারাবির নামাজ আদায় করে রোজার প্রস্তুতি নিয়েছেন এসব গ্রামের মুসল্লিরা।
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরীফের অনুসারীরা দীর্ঘদিন ধরে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে রমজান, শবে কদর ও দুই ঈদ উদযাপন করে আসছেন। দরবার শরীফের পীর মাওলানা মোহাম্মদ ইছহারের ছেলে মাওলানা জাকারিয়া চৌধুরী জানান, ১৯২৮ সাল থেকে এ প্রথা চলে আসছে এবং এতে জেলার শতাধিক গ্রামের মুসল্লিরা অংশ নেন।
এই নিয়ম অনুসরণকারী ফরিদগঞ্জের টোরা মুন্সিরহাটের আনোয়ার হোসেন মামুন মুন্সি, হাজীগঞ্জের সমেষপুর গ্রামের মাওলানা ফারুক আহমেদসহ কয়েকজন জানান, সৌদিতে চাঁদ দেখা যাওয়ার খবর পেয়ে তারা শুক্রবার রাতে ঘরোয়াভাবে মসজিদে তারাবির নামাজ আদায় করেছেন এবং শনিবার থেকে রোজা রাখা শুরু করবেন।
চাঁদপুরের হাজীগঞ্জ, ফরিদগঞ্জ, মতলব উত্তর, কচুয়া ও শাহরাস্তি উপজেলার প্রায় ৪০টি গ্রামে দীর্ঘদিন ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে পবিত্র রমজান পালন করা হয়।










