অনলাইন ডেস্ক:
পরিচালক নিতেশ তিওয়ারির উচ্চাভিলাষী সিনেমা ‘রামায়ণ: রাইজ অব আ লেজেন্ড’ নিয়ে দর্শকদের উত্তেজনা তুঙ্গে। প্রায় ৪ হাজার কোটি রুপি বাজেটের এই মহাকাব্যিক সিনেমায় সীতার চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী। সম্প্রতি নির্মাতাদের প্রকাশ করা একটি ভিডিওতে তাকে এক সাহসী যোদ্ধার রূপে দেখা গেছে, যা সিনেমাটি ঘিরে আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে।
সিনেমাটিতে ভগবান রামের চরিত্রে অভিনয় করছেন রণবীর কাপুর এবং রাবণের ভূমিকায় দেখা যাবে যশকে। নির্মাতাদের শেয়ার করা নতুন ভিডিওতে রাম, সীতা ও রাবণ—তিন প্রধান চরিত্রের ঝলকই ফুটে উঠেছে। বিশেষ করে দানবদের বিরুদ্ধে সীতার লড়াইয়ের দৃশ্যটি দর্শকদের নজর কেড়েছে।
সিনেমাটির বিশাল কর্মযজ্ঞ সম্পর্কে নির্মাতারা জানিয়েছেন, এই প্রজেক্টের সঙ্গে বিশ্বজুড়ে প্রায় ১০ হাজার মানুষ যুক্ত রয়েছেন। ইউটিউবে প্রকাশিত ভিডিওতে নমিত মালহোত্রা, নিতেশ তিওয়ারি এবং রণবীর কাপুর সিনেমাটির নির্মাণশৈলী ও অভিজ্ঞতা নিয়ে আলোচনা করেছেন।
গল্পের প্রেক্ষাপট নিয়ে পরিচালক নিতেশ তিওয়ারি বলেন, ‘বিশ্বের যেকোনো প্রান্তের মানুষ এই গল্পের সঙ্গে নিজেদের সংযোগ খুঁজে পাবেন। এতে বাবা-ছেলের সম্পর্কের টানাপোড়েন, প্রতিকূলতা জয় এবং এক সাহসী প্রেমের গল্প তুলে ধরা হয়েছে।’
সিনেমাটির সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন অস্কারজয়ী সুরকার হ্যান্স জিমার এবং এ আর রহমান। আগামী ৫ নভেম্বর সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।











