ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

চীনা গুপ্তচরের সঙ্গে সম্পর্ক: এনভিডিয়া প্রধানকে জিজ্ঞাসাবাদ করলেন ট্রাম্প

প্রকাশিত: 10 November 2026, 2:00 pm
ফন্ট:

অনলাইন ডেস্ক:

চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে অভিযুক্ত এক নারীর সঙ্গে সম্পর্কের জেরে এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংকে সরাসরি জিজ্ঞাসাবাদ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) তদন্ত চালাচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১০ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।

সোমবার (৯ নভেম্বর) জেনসেন হুয়াংয়ের সঙ্গে কথা বলার পর ট্রাম্প সাংবাদিকদের জানান, ‘আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম, ওই নারী যে গুপ্তচর, সে বিষয়ে তার কোনো ধারণা ছিল কি না। তিনি আমাকে জানিয়েছেন, এ বিষয়ে তার কিছুই জানা ছিল না। আমি তাকে বিশ্বাস করি।’

তবে এফবিআই ঠিক কবে থেকে এই তদন্ত শুরু করেছে কিংবা তদন্তের বর্তমান অগ্রগতি কতটুকু, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেননি ট্রাম্প। এ বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে এফবিআই কর্তৃপক্ষ।

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কর্মকর্তাদের ধারণা, অ্যালিস হুয়াং নামের ওই নারী চীনের হয়ে গুপ্তচরবৃত্তিতে জড়িত ছিলেন। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, অ্যালিস হুয়াংয়ের অপর নাম হুয়াং লে। তবে জেনসেন হুয়াংয়ের সঙ্গে তার কোনো পারিবারিক সম্পর্ক নেই বলে নিশ্চিত হওয়া গেছে।

এর আগে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের গুঞ্জন নিয়ে আলোচনায় ছিলেন এনভিডিয়া প্রধান, যেখানে তাকে ৮১ বিলিয়ন ডলার খেসারত দিতে হতে পারে বলে খবর ছড়িয়েছিল।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, গত বছরের বসন্তকালে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ওয়াশিংটনের শীর্ষ কর্মকর্তাদের কাছে একটি স্মারকলিপি পাঠিয়েছিলেন। এতে এনভিডিয়া প্রধানের সঙ্গে চীনা গুপ্তচর হিসেবে সন্দেহভাজন ওই নারীর ঘনিষ্ঠ সম্পর্কের বিষয়ে কঠোর সতর্কবার্তা দেওয়া হয়েছিল।

অ্যালিস হুয়াং সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান মেগাস্পিডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করতেন। উল্লেখ্য যে, এই প্রতিষ্ঠানটির সঙ্গে এনভিডিয়ার ব্যবসায়িক লেনদেন রয়েছে।

এদিকে, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এ ধরনের অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে। বেইজিংয়ের দাবি, এই অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন, অনুমাননির্ভর এবং চীনকে আন্তর্জাতিক অঙ্গনে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে প্রচার করা হচ্ছে।

এনভিডিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, পুরো বিষয়টি খতিয়ে দেখতে তারা একটি স্বাধীন তদন্ত শুরু করেছে। তবে এখন পর্যন্ত কোম্পানির গোপন তথ্য কিংবা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হওয়ার মতো কোনো কারণ তারা খুঁজে পায়নি।

বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ বাজারমূল্যের কোম্পানি এনভিডিয়া কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির জন্য অত্যাবশ্যকীয় কম্পিউটার চিপ তৈরি করে থাকে। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে এআই প্রযুক্তির আধিপত্য বিস্তারের লড়াইয়ে এনভিডিয়ার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে চীনে উন্নত চিপ রপ্তানির বিষয়টি ওয়াশিংটনের জাতীয় নিরাপত্তার সঙ্গে সরাসরি জড়িত বলে মনে করেন মার্কিন কর্মকর্তারা।

এ কারণে জেনসেন হুয়াংকে ঘিরে তৈরি হওয়া এই অভিযোগ নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। সোমবার এ খবর ছড়িয়ে পড়ার পর এনভিডিয়ার শেয়ারের দাম ৪ শতাংশের বেশি পড়ে যায়। এতে কোম্পানিটির বাজারমূল্য থেকে প্রায় ২৫০ বিলিয়ন ডলার (প্রায় ১৯০ বিলিয়ন পাউন্ড) মুছে গেছে।

এর আগে প্রেমের গল্প নাকি চীনের চক্রান্ত—এ নিয়ে এনভিডিয়া প্রধানকে ঘিরে বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি হয়।

এদিকে, একই দিন ক্যালিফোর্নিয়ায় জেনসেন হুয়াং ও এনভিডিয়ার বিরুদ্ধে একটি প্রস্তাবিত সমষ্টিগত মামলা (ক্লাস অ্যাকশন) দায়ের করা হয়েছে। মামলায় অভিযোগ করা হয়েছে, সন্দেহভাজন চীনা গুপ্তচর অ্যালিস হুয়াংয়ের সঙ্গে জেনসেন হুয়াংয়ের সম্পর্কের বিষয়টি গোপন রেখে বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণা করেছে এনভিডিয়া।

মামলার অভিযোগে আরও বলা হয়, অ্যালিস হুয়াং এনভিডিয়ার পণ্য চীনে পাচারে সহায়তা করার চেষ্টা করেছিলেন বলে সন্দেহ করা হচ্ছে। এ বিষয়ে গণমাধ্যমের কাছে এনভিডিয়ার দেওয়া বক্তব্যও বিভ্রান্তিকর ছিল বলে দাবি করেছেন মামলাকারীরা।

বিষয়টি নিয়ে এনভিডিয়ার কাছে মন্তব্য চাওয়া হয়েছে।

মন্তব্য করুন