ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

নেতানিয়াহুর রাজনৈতিক হিসাব ওমে আনতে নতুন চাল চাললেন আইজেনকোট

প্রকাশিত: 10 November 2026, 1:47 pm
ফন্ট:

অনলাইন ডেস্ক:

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর টিকে থাকার ক্ষীণ আশাকেও গুঁড়িয়ে দিতে এবার দেশটির পার্লামেন্টের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছেন বিরোধীদলীয় নেতা গাদি আইজেনকোট। ক্ষমতার লড়াইয়ে নেতানিয়াহুকে হটিয়ে পার্লামেন্টের ওপরও নিজেদের একাধিপত্য প্রতিষ্ঠা করতে চান এই সম্ভাব্য প্রধানমন্ত্রী।

সোমবার (৯ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, এই লক্ষ্য বাস্তবায়নে নেতানিয়াহুর অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত বর্তমান পার্লামেন্ট স্পিকার আমির ওহানাকে সরিয়ে সেখানে নিজেদের পছন্দের কাউকে বসাতে চাইছে গাদির নেতৃত্বাধীন বিরোধী জোট।

আসছে মঙ্গলবার (১০ নম্বর) দেশটির নতুন পার্লামেন্টের প্রথম অধিবেশন বসার কথা রয়েছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, আইজেনকোটের দল ইয়াশার পার্টি এবং আভিগদর লিবারম্যানের নেতৃত্বাধীন ইসরায়েল বেইতেনু পার্টি যৌথভাবে সিদ্ধান্ত নিয়েছে যে, নতুন স্পিকার হিসেবে ইয়াশার পার্টির পক্ষ থেকেই কাউকে মনোনীত করা হবে। তবে বিরোধী জোটের শরিক দলগুলোর সঙ্গে বিস্তারিত আলোচনা সাপেক্ষে প্রার্থীর নাম চূড়ান্ত করা হবে।

এই পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে সোমবার অতি-গোঁড়া ইহুদি দল শাস ও ইউনাইটেড তোরাহ জুদাইজমকে (ইউটিজে) বিরোধী জোটের সঙ্গে একাত্ম হয়ে স্পিকার পরিবর্তনের এই উদ্যোগে সমর্থন দেওয়ার আহ্বান জানিয়েছে ইয়াশার পার্টি।

তবে ইউটিজে দলটির পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে, নতুন সরকার আনুষ্ঠানিকভাবে গঠিত হওয়ার আগে তারা স্পিকার পরিবর্তনের কোনো উদ্যোগে সমর্থন দেবে না। দলটির চেয়ারম্যান ইয়াকভ আশেরের মতে, নতুন সরকার গঠনের সময়ই কেবল স্পিকার পরিবর্তন করা উচিত।

বিশ্লেষণে দেখা গেছে, বর্তমানে ১২০ সদস্যের নেসেটে আইজেনকোটের নেতৃত্বাধীন বিরোধী জোটের হাতে রয়েছে ৪৮টি আসন। এর সঙ্গে আরব নেতৃত্বাধীন দলগুলোর ১৯টি আসন যোগ হলে স্পিকার পরিবর্তনের জন্য প্রয়োজনীয় ৬১ জনের ম্যাজিক ফিগার নিশ্চিত করা সম্ভব হবে।

বর্তমান স্পিকার আমির ওহানা নেতানিয়াহুর লিকুদ পার্টির একজন সদস্য। তাকে অপসারণ করা সম্ভব হলে পার্লামেন্টের কার্যসূচি নির্ধারণ, আইন প্রণয়ন এবং গুরুত্বপূর্ণ বিভিন্ন কমিটির নিয়োগ প্রক্রিয়ায় বিরোধীদের প্রভাব বহুগুণ বেড়ে যাবে। ফলস্বরূপ, সরকার গঠনের দরকষাকষির মাঝেই নেতানিয়াহুর রাজনৈতিক অবস্থান মারাত্মক চ্যালেঞ্জের মুখে পড়বে।

শুধু স্পিকার পদ দখল করাই নয়, বরং পুরো পার্লামেন্টের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে আরও বেশ কিছু সুদূরপ্রসারী পদক্ষেপের রূপরেখা তৈরি করেছে বিরোধী জোট। এর মধ্যে উল্লেখযোগ্য হলো নেতানিয়াহু সরকারের বিতর্কিত বিচার বিভাগীয় সংস্কারের গুরুত্বপূর্ণ আইনগুলো বাতিল করা এবং ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন হামলা নিয়ে একটি রাষ্ট্রীয় তদন্ত কমিশন গঠন করা।

এ ছাড়া, ফৌজদারি অপরাধে বিচারাধীন কোনো ব্যক্তির প্রধানমন্ত্রী হওয়া কিংবা সরকার পরিচালনার বিষয়টি আইন করে নিষিদ্ধ করার কথা নিয়েও ভাবছে তারা। এমন কোনো আইন কার্যকর করা হলে দুর্নীতি, জালিয়াতি ও বিশ্বাসভঙ্গের অভিযোগে বিচারাধীন নেতানিয়াহু সরাসরি ক্ষতিগ্রস্ত হতে পারেন। যদিও এসব অভিযোগে তিনি এখনো আইনগতভাবে দোষী সাব্যস্ত হননি।

এর আগে গত রোববার (৮ নভেম্বর) দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ আনুষ্ঠানিকভাবে আইজেনকোটকে সরকার গঠনের দায়িত্ব অর্পণ করেন। নির্বাচনে নেতানিয়াহুর জোট ৫৩টি আসন পেলেও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় জাদুকরী ৬১ আসন অর্জনে ব্যর্থ হয়। বিপরীতে, আইজেনকোটের বিরোধী জোট পেয়েছিল ৪৮টি আসন। তবে আরব দলগুলোর সমর্থনসহ মোট ৬৭ জন আইনপ্র্রেতা প্রেসিডেন্টের কাছে আইজেনকোটের পক্ষে নিজেদের সুপারিশপত্র জমা দিয়েছিলেন।

সংবিধান অনুযায়ী সরকার গঠনের জন্য ২৮ দিন সময় পাবেন আইজেনকোট। এবং প্রয়োজনে এই সময়সীমা আরও ১৪ দিন বাড়ানোর সুযোগ তার রয়েছে। তবে সরকার গঠনের চূড়ান্ত আলোচনা সম্পন্ন হওয়ার আগেই পার্লামেন্টের স্পিকার পরিবর্তনের এমন আকস্মিক উদ্যোগে ইসরাইলের রাজনৈতিক অঙ্গনে নতুন করে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে।

মন্তব্য করুন