চোরাচালানের অভিযোগে সিলেটে আটক ২

সিলেটে চিনি চোরাচালানের অভিযোগে দুই যুবককে আটক করেছে পুলিশ। রবিবার (৮ ডিসেম্বর) বিকাল ৫টার দিকে শাহপরাণ থানাধীন সুরমা গেইট বাইপাস পয়েন্ট এলাকা থেকে তাদের আটক করা হয়। পুলিশ দাবি করেছে, তাদের কাছ থেকে ৪৩১ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়েছে।

আটককৃতরা হলেন, জৈন্তাপুর উপজেলার ফাতেহপুর গ্রামের মো. সাহিদ আহমদ (২৬) এবং একই উপজেলার বাঘেরখাল গ্রামের ইমন আহমদ (১৮)।

শাহপরাণ থানা পুলিশ জানায়, সুরমা গেইট বাইপাস পয়েন্টের বনফুল নামে একটি দোকানের সামনে একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ৪৩১ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করা হয়। এ চিনি মজুদ ছিল প্রায় ২১,১১৯ কেজি, যার বাজার মূল্য ২৫ লাখ ৩৪ হাজার টাকা। পুলিশের দাবি, এ সময় দুই যুবককে আটক করা হয় এবং একটি ট্রাক জব্দ করা হয়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম আটকের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।