জেলা প্রতিনিধি :
টানা ২৯ দিনের ছাত্র আন্দোলনের পর বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনকে অব্যাহতি দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৩ মে) রাতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব এএসএম কাসেম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ড. শুচিতা শরমিনকে বরখাস্ত করে তাকে পূর্ববর্তী পদ—ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক হিসেবে পুনর্বহাল করা হয়েছে। খুব শিগগিরই প্রজ্ঞাপন ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
একইসঙ্গে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. তৌফিক আলমকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
উপাচার্যের অপসারণের খবর মঙ্গলবার রাত ৯টার দিকে ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে আন্দোলনরত শিক্ষার্থীরা আনন্দ মিছিল বের করেন। এর আগে বিকেল সাড়ে ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেন তারা, যার ফলে সড়কের দুই পাশে শতাধিক যানবাহন আটকে পড়ে এবং যাত্রীরা দুর্ভোগে পড়েন।
সোমবার (১২ মে) রাত থেকে ‘একাডেমিক ও প্রশাসনিক শাটডাউন’ কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে আমরণ অনশনে বসেন ১৩ শিক্ষার্থী। এদের মধ্যে ৫ জন অসুস্থ হয়ে পড়েন এবং চিকিৎসা নিতে হয়।
এই আন্দোলনে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও সংহতি প্রকাশ করেন। প্রশাসনিক দায়িত্ব থেকে পদত্যাগ করেন ১১ জন শিক্ষক।










