নিজস্ব প্রতিবেদক :
জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদনে শতাধিক সুপারিশ থাকছে এবং সেগুলো বাস্তবায়ন সম্ভব বলে জানিয়েছেন কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় প্রধান উপদেষ্টার কাছে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।
কমিশন প্রধান বলেন, ‘আমাদের রিপোর্ট জমা দেওয়ার কথা ছিল গত মাসে, কিন্তু আমরা মাঠ পর্যায়ে কাজ করায় দেরি হয়েছে। আমরা বিভিন্ন জেলা-উপজেলায় গিয়ে মতামত সংগ্রহ করেছি এবং অনলাইনের মাধ্যমে জনমত নিয়েছি। এসব তথ্য বিশ্লেষণ করেই প্রতিবেদন চূড়ান্ত করা হয়েছে। বুধবার আমরা প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন হস্তান্তর করব।’
প্রতিবেদনে ১০০টির বেশি সুপারিশ থাকছে জানিয়ে তিনি আরও বলেন, ‘এখন এর বাইরে কিছু জানানো সম্ভব নয়।’
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমান বলেন, ‘প্রতিবেদন জমা দেওয়ার পর এটি পাবলিক ডকুমেন্ট হয়ে যাবে এবং ওয়েবসাইটে প্রকাশ করা হবে।’
কমিশন প্রধানসহ সদস্যরা প্রতিবেদনে স্বাক্ষর করেন। স্বাক্ষর শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মুয়ীদ চৌধুরী বলেন, ‘আমরা যে সুপারিশ করেছি, সেগুলো বাস্তবায়নযোগ্য। সরকার বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত নেবে।’
গত ৩ অক্টোবর ৮ সদস্যের জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করা হয়। পরে সদস্য সংখ্যা আরও তিনজন বাড়ানো হয়। কমিশনের প্রধান হিসেবে আছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আব্দুল মুয়ীদ চৌধুরী।
জনমুখী, জবাবদিহিমূলক, দক্ষ ও নিরপেক্ষ জনপ্রশাসন ব্যবস্থা গড়ে তুলতে এ কমিশন গঠন করা হয়।
৯০ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও সময়সীমা তিন দফা বাড়িয়ে ১৫ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়। তবে কাজ শেষ হওয়ায় নির্ধারিত সময়ের আগেই প্রতিবেদন জমা দিচ্ছে কমিশন।
কমিশনের অন্যান্য সদস্যরা হলেন: সাবেক সচিব মোহাম্মদ তারেক এবং মোহাম্মদ আইয়ুব মিয়া, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমান, সাবেক অতিরিক্ত সচিব হাফিজুর রহমান, সাবেক যুগ্ম-সচিব রিজওয়ান খায়ের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক এ কে এম ফিরোজ আহমেদ, অবসরপ্রাপ্ত স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তা অধ্যাপক ডা. সৈয়দা শাহীনা সোবহান, নিরীক্ষা ও হিসাব ক্যাডারের অবসরপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ আহমেদ, শুল্ক ও আবগারি ক্যাডারের অবসরপ্রাপ্ত কর্মকর্তা খোন্দকার মোহাম্মদ আমিনুর রহমান এবং শিক্ষার্থী প্রতিনিধি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেহেদী হাসান।











