জর্জিয়ার নতুন প্রেসিডেন্টের শপথ, হাজারো বিক্ষোভকারীর মানববন্ধন

অনলাইন ডেস্ক:

জর্জিয়ার নতুন প্রেসিডেন্ট মিখাইল কভেলাশভিলি শপথ গ্রহণের পর রাজধানী তিবিলিসিতে হাজারো বিক্ষোভকারী প্রতিবাদে মানববন্ধন করেছেন। গতকাল রোববার কভেলাশভিলি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন, যিনি সাবেক পেশাদার ফুটবলার এবং ক্ষমতাসীন জর্জিয়ান ড্রিম পার্টির মিত্র।

এই শপথ গ্রহণের পরেই বিক্ষোভকারীরা সড়কে নেমে আসেন, কারণ গত কয়েক মাস ধরে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) যোগদানের আবেদন স্থগিত করার পর জর্জিয়ায় রাজনৈতিক অস্থিরতা চলছে। অক্টোবরে অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনে জর্জিয়ান ড্রিম দলটি জয়লাভ করলেও কারচুপির অভিযোগ ওঠায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। ফলে রাজধানী তিবিলিসিতে নিয়মিত বিক্ষোভ চলছে।

বিবিসি সূত্রে জানা গেছে, বিদায়ী প্রেসিডেন্ট সালোমে জুরাবিশফিরি শপথ অনুষ্ঠানে অংশ নিলেও গতকাল তার পদত্যাগে অস্বীকৃতি জানান। তিনি নিজেকে ‘একমাত্র বৈধ প্রেসিডেন্ট’ দাবি করেন এবং প্রেসিডেন্ট প্রাসাদ ছেড়ে যাওয়ার সময় বলেন, “বৈধ প্রেসিডেন্ট বসলেই কেবল এই ভবনটি প্রতীক হয়ে উঠবে।” তার এই বক্তব্যের পরপরই বিরোধী দলগুলো কভেলাশভিলিকে প্রত্যাখ্যান করে এবং পার্লামেন্ট বয়কট ঘোষণা করে।

এদিকে, কভেলাশভিলি একমাত্র প্রার্থী হিসেবে ইলেক্টোরাল কলেজ পদ্ধতিতে নির্বাচিত হন, তবে জুরাবিশফিরি এই নির্বাচনের নিন্দা করে একে ‘প্রতারণা’ হিসেবে অভিহিত করেছেন। জর্জিয়ার প্রধান চার বিরোধী দল এই নির্বাচনের বিরুদ্ধে অবস্থান নিলেও, পরিস্থিতির সুরাহা এখনো স্পষ্ট নয়।

জর্জিয়ার সরকার জানায়, জুরাবিশফিরি যদি পদত্যাগে অস্বীকার করেন, তাহলে তা অপরাধ হিসেবে গণ্য হবে। সম্প্রতি, জর্জিয়ান ড্রিম পার্টি ক্রমবর্ধমানভাবে কর্তৃত্বপরায়ণ হয়ে উঠেছে, গণমাধ্যম, এনজিও এবং এলজিবিটি সম্প্রদায়ের বিরুদ্ধে কঠোর আইন পাস করেছে। পাশাপাশি, তারা রাশিয়ার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞায় সমর্থন জানায়নি এবং ইইউ ও নেটোতে যোগদানের প্রস্তাব নিয়ে উপহাস করেছে।

নভেম্বরে জর্জিয়ান ড্রিম জানায়, তারা ২০২৮ সালের আগে ইইউয়ে যোগদানের বিষয়ে আলোচনা করবে না, যা বিক্ষোভের কারণ হয়ে দাঁড়ায়। বিক্ষোভ দমনে দাঙ্গা পুলিশ কাঁদুনে গ্যাস ও জল কামান ব্যবহার করলে, বিক্ষোভকারীরা পটকা ও পাথর ছুড়ে পাল্টা প্রতিরোধ গড়ে তোলে।

এছাড়া, জর্জিয়ার সাবেক প্রধানমন্ত্রী ও জর্জিয়ান ড্রিম পার্টির প্রতিষ্ঠাতা ধনকুবের ভিজিনা ইভানিশভিলির ওপর যুক্তরাষ্ট্র চলতি সপ্তাহে নিষেধাজ্ঞা আরোপ করেছে।