জলাবদ্ধতায় সাজেকে আটকে পড়েছেন শতাধিক পর্যটক

জেলা প্রতিনিধি :

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক-খাগড়াছড়ি সড়কে জলাবদ্ধতার কারণে বাংলাদেশের অন্যতম পর্যটন কেন্দ্র সাজেকের সঙ্গে সড়ক যোগাযোগ সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে সাজেকে অবস্থানরত শতাধিক পর্যটক আটকে পড়েছেন।

মঙ্গলবার (৫ আগস্ট) সকাল থেকে মাচালং বাজার ও বাঘাইহাট বাজার সংলগ্ন নিচু এলাকায় পাঁচ থেকে ছয় ফুট পানি উঠে সড়ক পানিতে তলিয়ে যায়। বুধবার (৬ আগস্ট) সকালে পরিস্থিতির আরও অবনতি হয়। ফলে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুলাল চাকমা জানান, “সড়কে এখনও যে পরিমাণ পানি রয়েছে, তাতে যান চলাচল একেবারেই অসম্ভব।”
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আকতার বলেন, “পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে। বৃষ্টি না হলে দ্রুত পানি নেমে যাওয়ার সম্ভাবনা আছে।”

বর্তমানে বাঁশের ভেলা ও ছোট নৌকার সাহায্যে সীমিত পর্যটককে পারাপার করার চেষ্টা চলছে। মোটরসাইকেল ব্যবহারকারীরা ঝুঁকি নিয়ে ফিরলেও ব্যক্তিগত গাড়িযাত্রীদের অবস্থান করতে হচ্ছে সাজেকেই।

পর্যটকদের যেন কোনও ভোগান্তিতে না পড়তে হয়, সে জন্য হোটেল-মোটেল ব্যবসায়ী সমিতির সঙ্গে সমন্বয় করে সেবা নিশ্চিত করা হচ্ছে বলে জানান ইউএনও শিরিন আকতার।

প্রসঙ্গত, প্রতি বর্ষায় সাজেক-খাগড়াছড়ি সড়কের কিছু অংশে জলাবদ্ধতা দেখা দিলেও এ বছর পানির উচ্চতা বেশি হওয়ায় পর্যটকদের দুর্ভোগ বেড়েছে।