অনলাইন ডেস্ক:
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, সারাদেশে হাওর-বাওড়সহ অন্যান্য জলাশয়ের দখল এবং দূষণের কারণে এই জলাশয়গুলো নষ্ট হয়ে যাচ্ছে। এর ফলে মৎস্য উৎপাদন কমে যাবে এবং মৎস্যজীবীরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে।
গতকাল বুধবার সকাল ১০টায় কুষ্টিয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মৎস্য ও প্রাণিসম্পদ খামারিদের সঙ্গে মতবিনিময় সভায় এই বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় উপদেষ্টা বলেন, জলাশয়ের ইজারা যেন শুধু মৎস্যজীবীরা পায়, সেজন্য সরকারের পক্ষ থেকে পর্যালোচনা চলছে। সম্প্রতি ভূমি ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মধ্যে আন্তঃমন্ত্রণালয় সভাও অনুষ্ঠিত হয়েছে।
এসময় তিনি মৎস্যজীবীদের উদ্দেশে বলেন, দ্রুত মুনাফার জন্য মাছ এবং অন্যান্য গবাদি পশুকে অস্বাস্থ্যকর খাবার বা ওষুধ দেওয়া থেকে বিরত থাকতে হবে। তিনি আরও বলেন, যেমন মানুষের জন্য নিরাপদ খাদ্য প্রয়োজন, তেমনি পশুখাদ্যও নিরাপদ হওয়া জরুরি।
মতবিনিময় সভায় কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহা. আব্দুল ওয়াদুদসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা, বিভিন্ন পর্যায়ের খামারি এবং সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।











