অনলাইন ডেস্ক:
আগামী নির্বাচনকে সামনে রেখে জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে শনিবার (১৫ ফেব্রুয়ারি)। রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত এ বৈঠক অনুষ্ঠিত হবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এতে বক্তব্য রাখবেন।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার উপ-প্রেসসচিব অপূর্ব জাহাঙ্গীর এক বিবৃতিতে এই তথ্য জানান।
সভায় কমিশনের সদস্যদের মধ্যে সংবিধান সংস্কার কমিশনের প্রধান আলী রিয়াজ, জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আবদুল মুয়ীদ চৌধুরী, পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফর রাজ হোসেন, নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার, বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান বিচারপতি এমদাদুল হক এবং দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রধান ইফতেখারুজ্জামান উপস্থিত থাকবেন।
জাতীয় ঐকমত্য কমিশন আগামী ছয় মাস মেয়াদে কার্যকর থাকবে। কমিশনটি নির্বাচনী ব্যবস্থা, জনপ্রশাসন, বিচার বিভাগ, দুর্নীতি দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির সংস্কারের লক্ষ্যে গঠিত বিভিন্ন কমিশনের সুপারিশ পর্যালোচনা করবে এবং জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার জন্য রাজনৈতিক দল ও সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা চালাবে। এ বিষয়ে তারা প্রয়োজনীয় সুপারিশও প্রদান করবে।
কমিশনের সাচিবিক দায়িত্ব পালন করবে প্রধান উপদেষ্টার কার্যালয় এবং সরকার নির্ধারিত স্থানে কমিশনের কার্যালয় স্থাপন করা হবে বলেও জানানো হয়েছে।











