জামালপুরে বিপুল পরিমাণ মাদকসহ তিনজন আটক
জেলা প্রতিনিধি :
জামালপুরে মাদক পরিবহনের সময় তিনজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ মার্চ) শহরের পৌরসভাধীন মনিরাজপুর ছোটগড় এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় পুলিশের হাতে আটক তিনজনের কাছ থেকে মাদক পরিবহনের জন্য ব্যবহৃত তিনটি গাড়ি, ১৪৩৪ বোতল ফেন্সিডিল এবং ২৪ বোতল মদ জব্দ করা হয়। এই মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ২৯ লাখ ৪০ হাজার টাকা।
আটক ব্যক্তিরা হলেন—জামালপুর জেলার মেলান্দহ উপজেলার চর বাগবাড়ি গ্রামের মালেক খোকন (৪৭), একই উপজেলার ভাবকী গ্রামের মো. আজিজুর রহমান বাবু (২৪) এবং পার্শ্ববর্তী পাঠনিপাড়া গ্রামের মো. হাফিজুর রহমান (৪০)।
জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুদ আনোয়ার জানান, মনিরাজপুর ছোটগড় এলাকায় হাফিজুর রহমান আকন্দের জমিতে একটি ড্রাম ট্রাক থেকে অন্য দুটি গাড়িতে মাদক স্থানান্তরের সময় ৯টি সাদা প্ল্যাস্টিকের বস্তায় ১৪৩৪ ভারতীয় ফেন্সিডিল পাওয়া যায়, যার আনুমানিক মূল্য ২৮ লাখ ৬৮ হাজার টাকা। এছাড়া, একটি চটের বস্তার মধ্যে ২৪ বোতল আইকনিক ভারতীয় মদ পাওয়া যায়, যার আনুমানিক মূল্য ৭২ হাজার টাকা।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সাল মো. আতিক জানান, “আটক তিনজনের বিরুদ্ধে জামালপুর সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”
