ঢাকা রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

মক্কা থেকে বিয়ের ইঙ্গিত দিলেন নাজনীন নীহা

প্রকাশিত: 8 November 2026, 6:26 pm
ফন্ট:

অনলাইন ডেস্ক:

সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় গিয়ে বিয়ের ইঙ্গিত দিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী নাজনীন নাহার নীহা। রবিবার (৮ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে পবিত্র মসজিদুল হারামের সামনে তোলা দুটি ছবি পোস্ট করে তিনি নিজের নতুন জীবনের এই অধ্যায়ের কথা জানান।

অভিনেত্রীর প্রেমের সম্পর্কের বিষয়টি অনেক আগে থেকেই আলোচনায় ছিল। গত জুন মাসে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘রিলেশনশিপ’ স্ট্যাটাস দিয়ে তিনি একজনের সঙ্গে সম্পর্কে জড়ানোর বিষয়টি জানিয়েছিলেন। তবে সেই সম্পর্কটি প্রেম, বাগদান নাকি বিয়ে—তা নিয়ে এতদিন কোনো স্পষ্ট মন্তব্য করেননি তিনি।

রবিবার প্রকাশিত ছবি দুটির একটিতে দেখা যায়, পবিত্র কাবার সামনে এক ব্যক্তি তাকে জড়িয়ে ধরে আছেন। দুজনেরই মুখ কাবার দিকে থাকায় পেছন থেকে তোলা ওই ছবিতে কারও চেহারা চেনা সম্ভব হয়নি। অন্য ছবিতে দেখা যায়, কাবার পটভূমিতে তারা একে অপরের হাত ধরে দাঁড়িয়ে আছেন।

ছবির ক্যাপশনে বিয়ের স্পষ্ট ইঙ্গিত দিয়ে নীহা লিখেছেন, ‘যে অধ্যায়টি আমরা এত দিন ব্যক্তিগতই রাখতে চেয়েছিলাম; এবার সেই সুন্দর যাত্রার গল্প সবার সঙ্গে ভাগ করে নিতে চাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের যে সুন্দর বন্ধনে আবদ্ধ করেছেন এবং তার পবিত্র ঘরে একসঙ্গে আসার সৌভাগ্য দান করেছেন, তার জন্য অশেষ শুকরিয়া।’

নীহার এই পোস্টের মাধ্যমে বিয়ের বিষয়টি অনেকটাই পরিষ্কার হয়েছে। বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য অভিনেত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও প্রতিবেদনটি প্রকাশের আগ পর্যন্ত তার কোনো সাড়া পাওয়া যায়নি।

পোস্টের শেষ অংশে অভিনেত্রী আরও লিখেছেন, ‘আমাদের এই বন্ধন সবসময় আল্লাহর রহমত ও বরকতে পরিপূর্ণ থাকুক।’

এদিকে নীহার এই পোস্টে অনুসারীরা তাকে শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত করছেন। তবে তিনি কাকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন, সেই পরিচয় এখনো প্রকাশ করেননি। এর আগে থেকেই এক পাকিস্তানি যুবকের সঙ্গে তার প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিল, তবে এ বিষয়ে কখনো মুখ খোলেননি নীহা। বিয়ের ইঙ্গিত দিলেও সঙ্গীর পরিচয় নিয়ে এখনো নীরবই থাকলেন এই অভিনেত্রী।

মন্তব্য করুন