অনলাইন ডেস্ক:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন বলেছেন, “ফ্যাসীবাদী সরকার আমাদের জনপ্রিয় নেতাদের হত্যা করে দেশের পবিত্র জমিনকে রক্তাক্ত ও কলঙ্কিত করেছে। জামায়াত দীর্ঘদিন ধরে দেশকে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করার জন্য আন্দোলন চালিয়ে আসছে, কিন্তু এই সরকার আমাদের নির্বাচনী প্রতীক ও নিবন্ধন অন্যায়ভাবে কেড়ে নিয়েছে।” তিনি সরকারকে অবিলম্বে জামায়াতের শীর্ষ নেতা এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দেওয়ার দাবি জানান।
এ কথাগুলি তিনি গত শনিবার রাতে মগবাজারস্থ আল ফালাহ মিলনায়তনে হাতিরঝিল অঞ্চল জামায়াত আয়োজিত সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বলেন। সম্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জোন পরিচালক হেমায়েত হোসাইন, সহকারী জোন পরিচালক মু. আতাউর রহমান সরকার, ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিমসহ আরও অনেকে।
সাইফুল আলম খান মিলন আরও বলেন, “ছাত্র-জনতার ঐতিহাসিক বিপ্লবে আওয়ামী-বাকশালীদের পতন হলেও প্রশাসনে তাদের প্রতিনিধিরা এখনো সক্রিয় রয়েছে। এসব ব্যক্তি ফ্যাসীবাদী আমলে মেগা প্রজেক্টের মাধ্যমে শেখ হাসিনাকে মেগা চুরির সুযোগ করে দিয়েছে এবং দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করেছে। তারা ছাত্র-জনতার ওপর মারনাস্ত্র ব্যবহার করে মানবতাবিরোধী অপরাধের সহযোগী ছিল।”
বিশেষ অতিথি হিসেবে ড. রেজাউল করিম তার বক্তব্যে বলেন, “স্বাধীনতার পর পাঁচ দশক পেরিয়ে গেলেও আওয়ামী-বাকশালীদের অপরাজনীতির কারণে আমাদের স্বাধীনতা পুরোপুরি কার্যকর হয়নি। স্বাধীনতা পরবর্তী সময়ে দেশে অপশাসন ও নৈরাজ্য সৃষ্টি করা হয়েছিল। খোদ শেখ মুজিব নিজেই বলেছিলেন, ‘আমি চোরের খনি পেয়েছি’, তবে তার মেয়ে শেখ হাসিনা দেশকে ডাকাতের খনিতে পরিণত করেছেন।”
তিনি সব নেতাকর্মীদের শেখ হাসিনার ষড়যন্ত্র মোকাবেলায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।











