নিজস্ব প্রতিবেদক:
জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকেও মৃত্যুদণ্ড এবং পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার (১৭ নভেম্বর) দুপুরে বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ রায় ঘোষণা করেন। উপস্থিত ছিলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
গ্রেপ্তার হওয়া একমাত্র আসামি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন ট্রাইব্যুনালে নিজের দোষ স্বীকার করেন এবং জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমন করতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন।
মামলায় মোট পাঁচটি অভিযোগ ছিল:
উস্কানিমূলক বক্তব্য প্রদান
প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের নির্মূলের নির্দেশ
রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদকে হত্যা
ঢাকার চানখাঁরপুল এলাকায় ছয়জনকে হত্যা
আশুলিয়ায় ছয়জনকে পুড়িয়ে হত্যা
ট্রাইব্যুনালের তদন্ত প্রতিবেদন অনুযায়ী, শেখ হাসিনার নির্দেশে ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে প্রায় ১,৫০০–২,০০০ ছাত্র-জনতাকে হত্যা ও ৩০,০০০ মানুষ আহত হয়েছিল।
রায় ঘোষণার সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে শক্ত নিরাপত্তা ব্যবস্থা দেখা যায়। সেনা, র্যাব, পুলিশ এবং বিজিবি মোতায়েন করা হয়েছে, প্রধান প্রবেশমুখে তল্লাশি কার্যক্রম চলছে এবং গুরুত্বপূর্ণ স্থাপনার আশেপাশে সাঁজোয়া যান রাখা হয়েছে।










