নিজস্ব প্রতিবেদক:
দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। টানা তিন দফা মূল্য কমানোর পর এবার প্রতি ভরিতে সর্বোচ্চ ২ হাজার ১৫৮ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি, বাজুস। নতুন দামে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৫ হাজার ৯৬৩ টাকা, যা বুধবার (২০ মে) সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনা বা পিওর গোল্ডের দাম কমে যাওয়ায় নতুন করে মূল্য সমন্বয় করা হয়েছে। এর আগে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ছিল ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা। নতুন সিদ্ধান্তে একদিনেই দাম কমেছে ২ হাজার ১৫৮ টাকা।
নতুন নির্ধারিত দামে ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হবে ২ লাখ ২৫ হাজার ২৩২ টাকায়। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৩ হাজার ৩৯ টাকা। আর সনাতন পদ্ধতির সোনার ভরি বিক্রি হবে ১ লাখ ৫৭ হাজার ২৩১ টাকায়।
তবে সোনার দাম কমলেও রুপার দামে কোনো পরিবর্তন আনা হয়নি। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম রয়েছে ৫ হাজার ৬৫৭ টাকা। এছাড়া ২১ ক্যারেটের রুপা ৫ হাজার ৩৬৫ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৪ হাজার ৬০৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৪৪১ টাকায় বিক্রি হচ্ছে।
বাজুসের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে সোনার দামে ওঠানামার প্রভাব দেশের বাজারেও পড়ছে। ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে ঘিরে বৈশ্বিক উত্তেজনার পর বিশ্ববাজারে সোনার দাম দ্রুত বাড়তে শুরু করেছিল। পরে সেই দাম কিছুটা কমতে থাকায় স্থানীয় বাজারেও সমন্বয় আনা হচ্ছে।
বিশ্ববাজারের তথ্যভিত্তিক ওয়েবসাইট গোল্ডপ্রাইস ডটওআরজি অনুযায়ী, বর্তমানে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম ৪ হাজার ৪৬৫ ডলারে নেমে এসেছে। অথচ গত ২৯ জানুয়ারি এ দাম ৫ হাজার ৫৫০ ডলার পর্যন্ত উঠেছিল। ৩০ জানুয়ারি ছিল ৫ হাজার ২০০ ডলার।
বিশ্ববাজারে দাম বাড়ার ধারাবাহিকতায় গত জানুয়ারির শেষদিকে দেশের বাজারেও সোনার দাম ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। ২৯ জানুয়ারি এক দফায় ভরিপ্রতি ১৬ হাজার ২১৩ টাকা বাড়িয়েছিল বাজুস। তখন ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দাঁড়ায় ২ লাখ ৮৬ হাজার টাকায়, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ দর হিসেবে রেকর্ড হয়।
এদিকে জুয়েলারি ব্যবসায়ীরা বলছেন, নির্ধারিত দামের বাইরে সোনা কিনতে গেলে ক্রেতাদের সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং ন্যূনতম ৬ শতাংশ মজুরি আলাদাভাবে পরিশোধ করতে হতে পারে। ফলে দোকানভেদে প্রকৃত বিক্রয়মূল্য আরও কিছুটা বাড়তে পারে।











