টিটন হত্যা মামলা: সুইডেন আসলাম ৫ দিনের রিমান্ডে
অনলাইন ডেস্ক:
ব্যবসায়ী খন্দকার নাঈম আহমেদ টিটন হত্যা মামলায় শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামকে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। সোমবার বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল এ আদেশ দেন।
গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়েছিল। শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের রমনা জোনাল টিমের উপপরিদর্শক মো. ইরফান খান রিমান্ড আবেদনে বলেন, প্রাথমিক তদন্তে আসলামের সরাসরি জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। হত্যার পূর্ণাঙ্গ পরিস্থিতি জানতে, প্ররোচনাকারীদের শনাক্ত করতে, ব্যবহৃত অস্ত্র উদ্ধার করতে এবং পলাতক আসামিদের খুঁজে বের করতে তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা দরকার।
আবেদনে পলাতক কয়েকজন আসামির নাম উল্লেখ করা হয়েছে — এনামুল হাসান হেলাল ওরফে পিচ্চি হেলাল, বাদল ওরফে কিলার বাদল, কাইল্যা বাদল, শাহজাহান ও রনি ওরফে ভাঙ্গারি রনি। তদন্তকারীদের ভাষ্য, বসিলা গরুর হাট ইজারার টেন্ডার শিডিউল নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে।
গত ২৮ এপ্রিল রাতে রাজধানীর নিউমার্কেট এলাকায় শাহনেওয়াজ হলের সামনে বাটতলা এলাকায় গুলি করে হত্যা করা হয় টিটনকে। তিনি মোহাম্মদপুরভিত্তিক একটি অপরাধী চক্রের সঙ্গে যুক্ত ছিলেন বলে তদন্তকারীরা জানিয়েছেন।
সুইডেন আসলামকে গত রোববার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশ গ্রেপ্তার করে। তিনি থাই এয়ারওয়েজের ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার চেষ্টা করছিলেন। সোমবার ভোরে তাঁকে গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এরপর টিটন হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।
