সন্ত্রাসবিরোধী মামলায় অভিনেতা তমাল ও সাবেক সচিব মিজানুর কারাগারে
অনলাইন ডেস্ক:
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় অভিনেতা আরিফ মাহমুদ তমাল ও সাবেক সচিব মিজানুর রহমানকে কারাগারে পাঠিয়েছেন আদালত। চার দিনের রিমান্ড শেষে সোমবার তাঁদের আদালতে হাজির করা হলে এ আদেশ দেওয়া হয়।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হক এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের ধানমন্ডি জোনাল টিমের পরিদর্শক মো. সেলিম রেজা তাঁদের কারাগারে আটক রাখার আবেদন জানিয়েছিলেন। আদালত আগামীকাল মঙ্গলবার জামিন শুনানির দিন ঠিক করেছেন।
গত শুক্রবার আদালত দুজনকে চার দিনের রিমান্ডে পাঠিয়েছিলেন। একই দিন সাবেক সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস এম আতাউল হক দোলনকে সাত দিনের রিমান্ডে পাঠানো হয়।
তিনজনকে গত ১৯ নভেম্বর রাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয় — দোলনকে বারিধারা ডিওএইচএস থেকে, মিজানুর রহমানকে ধানমন্ডি থেকে এবং তমালকে আজিমপুরের ইরাকি মাঠ এলাকা থেকে।
মামলার বিবরণ অনুযায়ী, গত ২২ মে নিষিদ্ধ ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের প্রায় ২০০ থেকে ২৭৪ জন নেতাকর্মী ধানমন্ডির রাপা প্লাজার সামনে জড়ো হয়ে সরকারবিরোধী মিছিল বের করার চেষ্টা করেন। পরের দিন ২৩ মে ধানমন্ডি থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন থানার উপপরিদর্শক তানভীর মেহেদী।
রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা দাবি করেন, গ্রেপ্তার তিনজন সরকারবিরোধী কর্মকাণ্ডে অর্থ ও অস্ত্র সরবরাহ করতেন এবং পলাতক আসামিদের সঙ্গে যোগাযোগ রাখতেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা বলেন, ছয় মাস আগের একটি ঘটনায় সাবেক সচিব ও সাবেক সংসদ সদস্যের মিছিলে অংশ নেওয়ার অভিযোগ বিশ্বাসযোগ্য নয়। তমালের আইনজীবী জানান, তাঁর মক্কেল হৃদরোগে ভুগছেন।
