ঢাকা শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

রোহিঙ্গা গণহত্যায় আইসিজে’র রায়: মিয়ানমারের প্রতিরক্ষা অ্যাটাশেকে বহিষ্কার করল যুক্তরাজ্য

প্রকাশিত: 19 November 2026, 10:50 pm
ফন্ট:

অনলাইন ডেস্ক:

রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে মিয়ানমার গণহত্যা চালিয়েছে—আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) এমন ঐতিহাসিক রায়ের পরপরই কঠোর পদক্ষেপ নিল যুক্তরাজ্য। বৃহস্পতিবার দেশটি মিয়ানমারের প্রতিরক্ষা অ্যাটাশেকে বহিষ্কারের ঘোষণা দেওয়ার পাশাপাশি এই ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আহ্বানের সিদ্ধান্ত নিয়েছে।

যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড জানিয়েছেন, মিয়ানমারের সামরিক জান্তার বিরুদ্ধে বর্তমানে কার্যকর থাকা নিষেধাজ্ঞার ধারাবাহিকতায় এই রায়কে কেন্দ্র করে তাৎক্ষণিকভাবে এসব পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

এক বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড বলেন, আদালতের এই রায়ের আলোকে আমরা আজ তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছি। মিয়ানমারের সামরিক শাসনের ওপর বিদ্যমান নিষেধাজ্ঞার ভিত্তিতে যুক্তরাজ্যে অবস্থানরত মিয়ানমারের প্রতিরক্ষা অ্যাটাশেকে বহিষ্কারের নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে এই রায় নিয়ে আলোচনার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি অধিবেশন আহ্বান করা হচ্ছে।

পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, মিয়ানমারের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া এই ঘটনার জবাবদিহি নিশ্চিত করতে আগামী দিনগুলোতে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা রয়েছে যুক্তরাজ্যের।

রোহিঙ্গা মুসলিমদের প্রতি মিয়ানমারের সামরিক শাসনের ভয়াবহ আচরণের তীব্র নিন্দা জানিয়ে মিলিব্যান্ড বলেন, এই জঘন্য অপরাধের জন্য যথাযথ ব্যবস্থা নিতে এবং দায়বদ্ধতা নিশ্চিত করতে যুক্তরাজ্য দৃঢ়প্রতিজ্ঞ।

আইসিজে এবং আন্তর্জাতিক আইনের প্রতি ব্রিটেনের অটল সমর্থনের কথা পুনর্ব্যক্ত করে তিনি জোর দিয়ে বলেন, মিয়ানমারকে অবশ্যই আদালতের এই রায় পুরোপুরি মেনে চলতে হবে। মিলিব্যান্ড আরও যোগ করেন, রোহিঙ্গাদের জন্য বাস্তবায়ন, জবাবদিহি ও ন্যায়বিচার নিশ্চিত করার ক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়কে এখন তাদের দায়িত্ব পালন করতে হবে।

তিনি বলেন, আদালতের এই রায় যেন একটি স্পষ্ট বার্তা দেয় যে, এ ধরনের অপরাধ করে কেউ দায়মুক্তি পেতে পারে না—তা আমাদের নিশ্চিত করতে হবে।

উল্লেখ্য, বৃহস্পতিবার আইসিজে রায় দেয় যে, ২০১৭ সালে উত্তর রাখাইন রাজ্যে সামরিক অভিযানের সময় মিয়ানমার রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে। এই রায়ের মাধ্যমে প্রথমবারের মতো জাতিসংঘের সর্বোচ্চ আদালত কোনো রাষ্ট্রকে গণহত্যার জন্য দায়ী করল। একইসঙ্গে আদালত মিয়ানমারকে ক্ষতিপূরণ প্রদান এবং ভবিষ্যতে এ ধরনের লঙ্ঘন রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

মন্তব্য করুন