অনলাইন ডেস্ক :
কানাডীয় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সময় কানাডাকে ‘সত্যিকার অর্থে’ যুক্তরাষ্ট্রের একান্নতম অঙ্গরাজ্য হিসেবে একীভূত করতে চেয়েছিলেন। শুক্রবার (৮ ফেব্রুয়ারি) কানাডার শ্রম ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠককালে তিনি এই কথা বলেন।
সিবিসি নিউজের রিপোর্ট অনুযায়ী, ট্রুডোর এই বক্তব্য ভুলবশত মাইক্রোফোন চালু থাকার কারণে রেকর্ড হয়ে যায়। ট্রুডো বৈঠকে বলেন, “ট্রাম্প কানাডার প্রাকৃতিক সম্পদের লোভেই এমন মন্তব্য করেছেন। তার ধারণা, কানাডাকে যুক্তরাষ্ট্রের সঙ্গে একীভূত করেই সহজভাবে এই সম্পদগুলি আহরণ করা সম্ভব।”
ট্রুডো আরও জানান, ট্রাম্পের সঙ্গে তার আলাপচারিতায় এই প্রসঙ্গ উঠে আসে, তবে কথোপকথনের পর মাইক্রোফোন বন্ধ হয়ে যায়। এ ব্যাপারে ট্রুডোর অফিসের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে কানাডার আলবার্টা ফেডারেশন অব লেবার সামাজিক মাধ্যমে এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছে।
এদিন কানাডা ও যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সম্পর্ক নিয়ে এক সম্মেলনের উদ্বোধনীতে বক্তব্য রাখেন ট্রুডো। তিনি জানান, কানাডা আগামীতে যুক্তরাষ্ট্রের চড়া শুল্কের হুমকি মোকাবিলায় কৌশল নির্ধারণ করবে। পাশাপাশি, অভ্যন্তরীণ বাধা দূর করে অন্যান্য দেশের সঙ্গে বাণিজ্য সম্পর্ক বৃদ্ধি করার কথা বলেন।
ট্রুডো বলেন, “এটি একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত, যা দেশের ইতিহাসে বিশাল ভূমিকা রাখবে।”
এছাড়া, সোমবার ট্রাম্প কানাডা ও মেক্সিকোর পণ্যে ২৫ শতাংশ শুল্কারোপের সিদ্ধান্ত ৩০ দিনের জন্য স্থগিত করেন, এবং এর জন্য যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ মাদক ফেনটানিল পাচার ও অবৈধ অভিবাসীদের প্রবেশ বন্ধে সহযোগিতার শর্ত দিয়েছিলেন।











