নিজস্ব প্রতিবেদক:
দিল্লির বিমানবন্দরে বাংলাদেশের প্রধানমন্ত্রীর তথ্য ও কৌশল উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানকে ইমিগ্রেশন জটিলতায় প্রায় আড়াই ঘণ্টা আটকে রাখা এবং পরে তাঁর দেশে ফিরে আসার ঘটনাকে “অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক” বলে মন্তব্য করেছে বাংলাদেশ সরকার। একই সঙ্গে বিষয়টি নিয়ে প্রয়োজনীয় কূটনৈতিক ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
সোমবার (১৫ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “দিল্লিতে আমাদের উপদেষ্টার সঙ্গে যে ঘটনা ঘটেছে, তা অনাকাঙ্ক্ষিত। এ বিষয়ে মন্ত্রণালয় যথাযথ ব্যবস্থা নিচ্ছে এবং দিনশেষে আমরা আপনাদের জানাব।”
জানা গেছে, ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) জ্যেষ্ঠ কর্মকর্তাদের বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল ডা. জাহেদ উর রহমানের। এ সফরকে কেন্দ্র করে গত শুক্রবার (১২ জুন) দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে আনুষ্ঠানিকভাবে অবহিতও করে।
তবে রোববার (১৪ জুন) সন্ধ্যায় দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পরই তিনি ইমিগ্রেশন জটিলতায় পড়েন। ভারতীয় কর্তৃপক্ষ তাকে প্রায় আড়াই ঘণ্টা আটকে রাখে এবং প্রবেশ অনুমতি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। পরে পরিস্থিতি জটিল হয়ে উঠলে তিনি দেশে ফিরে আসার সিদ্ধান্ত নেন।
এদিকে ভারতীয় সংবাদমাধ্যম সূত্রের বরাতে জানা যায়, নিরাপত্তা সংক্রান্ত ওয়াচ লিস্টে নাম থাকার কারণে প্রাথমিক যাচাইয়ের সময় এই জটিলতা তৈরি হয়। যদিও কূটনৈতিক সূত্রগুলো বলছে, বাংলাদেশ হাইকমিশনের নোট ভারবালের মাধ্যমে আগেই সফরটি জানানো হয়েছিল। এমনকি বিমানবন্দরে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ উপস্থিত ছিলেন বলেও জানা গেছে।
পরিস্থিতি নিয়ে কূটনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। ঢাকা বলছে, বিষয়টি স্বাভাবিক কূটনৈতিক প্রক্রিয়ার বাইরে গিয়ে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করেছে, যা দুই দেশের সম্পর্কের দিক থেকেও সংবেদনশীল।
ডা. জাহেদের দেশে ফিরে আসার পর পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পুরো ঘটনার বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় কূটনৈতিক পদক্ষেপ নেওয়া হবে।











