ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৩, মামলা ৫৯

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর বিভিন্ন এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৫৯টি মামলা করা হয়েছে। বুধবার (১৯ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

 

ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারের পাশাপাশি এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে সবচেয়ে বেশি ১৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে মিরপুর বিভাগ থেকে। এরপর ওয়ারী বিভাগ থেকে ৮০ জন এবং উত্তরা বিভাগ থেকে ৫৫ জন গ্রেপ্তার হয়েছেন।

 

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, রমনা বিভাগ থেকে ৩৪ জন, লালবাগ বিভাগ থেকে ৩৩ জন, মতিঝিল বিভাগ থেকে ৫৩ জন, তেজগাঁও বিভাগ থেকে ৪৫ জন, গুলশান বিভাগ থেকে ৪০ জন এবং গোয়েন্দা বিভাগ থেকে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

অভিযানকালে পুলিশ ১২০ কেজি গাঁজা, ১২ হাজার ৩৭৫ পিস ইয়াবা, দুই পুরিয়া হেরোইন ও পাঁচ লিটার দেশি মদ উদ্ধার করেছে। এছাড়া ১১ হাজার ৪৮০টি নকল ক্রিম, ১১টি মোবাইল ফোন, ৫২৬ বস্তা চাল, দুটি চাকু, একটি মোটরসাইকেল, একটি প্রাইভেটকার ও একটি প্রাইভেটকারের রিমোট চাবি উদ্ধার করা হয়েছে।

 

এ সময় দুই ভিকটিমকেও উদ্ধার করা হয়।

 

ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।