ডিভাইস ও সার্ভিসেস ইউনিট থেকে ২৫০ কর্মী ছাঁটাই করল অ্যামাজন

অনলাইন ডেস্ক:

নতুন কিন্ডল ই-রিডার এবং ট্যাবলেট কম্পিউটারসহ একাধিক নতুন ডিভাইস বাজারে ছাড়ার মাত্র কয়েক সপ্তাহের মাথায় নিজেদের ডিভাইস ও সার্ভিসেস ইউনিট থেকে প্রায় ২৫০ জন কর্মীকে চাকরিচ্যুত করেছে বিশ্বখ্যাত ই-কমার্স জায়ান্ট অ্যামাজন। বুধবার আনুষ্ঠানিকভাবে এই ছাঁটাইয়ের বিষয়টি নিশ্চিত করে প্রতিষ্ঠানটি।

এ বিষয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের পক্ষ থেকে যোগাযোগ করা হলে অ্যামাজনের একজন মুখপাত্র জানান, ‘আমরা অল্পসংখ্যক পদ বিলুপ্ত করার কঠিন সিদ্ধান্ত নিয়েছি’। তবে এই বিষয়ে আর কোনো বিস্তারিত তথ্য জানাননি তিনি।

পুরো প্রক্রিয়াটির সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত একটি বিশ্বস্ত সূত্রে জানা গেছে, এই ছাঁটাইয়ের সর্বোচ্চ সংখ্যা হতে পারে ২৫০ জনের কাছাকাছি এবং এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন সফটওয়্যার ডেভেলপমেন্ট বিভাগের কর্মীরা।

অ্যামাজনের মুখপাত্র আরও যোগ করেন, প্রতিষ্ঠানটিকে আরও দক্ষতার সঙ্গে পরিচালনা করতে এবং আমাদের প্রডাক্ট রোডম্যাপের সঙ্গে কাজের সঠিক সামঞ্জস্য তৈরি করতে এই ছাঁটাই সাহায্য করবে। ঠিক ছাঁটাইয়ের এই ঘোষণার দিন বুধবার অর্থাৎ ২৮ অক্টোবর নতুন অ্যালার্ম ক্লক ও ফটো ফ্রেম বাজারে আনার কথাও ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি।

অ্যামাজনের প্রচলিত নিয়ম অনুযায়ী, বুধবার ভোরে সংশ্লিষ্ট কর্মীদের ইমেইল ও টেক্সট বার্তার মাধ্যমে চাকরি হারানোর বিষয়টি জানিয়ে দেওয়া হয়। সংশ্লিষ্ট সূত্র মারফত প্রাপ্ত ডিভাইস ও সার্ভিসেস বিভাগের হিউম্যান রিসোর্স ভাইস প্রেসিডেন্ট চেরি রবিনসনের পাঠানো একটি ইমেইলে উল্লেখ করা হয়েছে, প্রতিষ্ঠানটি তাদের সামগ্রিক সাংগঠনিক কাঠামোর এক ‘পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা’ সম্পন্ন করেছে, যার ফলেই মূলত এই ছাঁটাইয়ের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।

এর আগে চলতি মাসের শুরুর দিকে অ্যামাজন তাদের মূল খুচরা বিক্রয় বা কোর রিটেইল বিভাগ থেকেও প্রায় ১,০০০ কর্মীকে ছাঁটাই করেছিল।