নিজস্ব প্রতিবেদক:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, জাতীয় নির্বাচন ডিসেম্বরের পরে যাওয়ার কোনো যৌক্তিকতা নেই। তাঁর মতে, প্রয়োজনীয় সংস্কারসমূহ এক মাসের মধ্যেই সম্পন্ন করা সম্ভব।
সোমবার বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। বৈঠকে সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এতে বিএনপি ছাড়াও জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলনসহ ৩০টি রাজনৈতিক দল অংশ নেয়।
সংবিধান ও প্রশাসনিক সংস্কার বিষয়ে এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, “সংবিধান সংশোধন না করেও কিছু সংস্কার অফিস আদেশ, অর্ডিন্যান্স কিংবা নির্বাহী আদেশের মাধ্যমে বাস্তবায়ন করা সম্ভব।”
তিনি আরও বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের প্রস্তাবের ভিত্তিতে একটি সনদে উপনীত হওয়া সম্ভব। “সব দল সব বিষয়ে একমত হবে—এটা আশা করি না। তবে যেসব বিষয়ে ঐকমত্যে পৌঁছানো যাবে না, সেগুলোর সংশোধন আগামী সংসদে করা হবে।”
সালাহউদ্দিন আহমদ বলেন, “আমরা এমন সিদ্ধান্তই গ্রহণ করব, যা জাতির বৃহত্তর স্বার্থ রক্ষা করবে। এর মধ্য দিয়ে একটি জাতীয় ঐক্যের ভিত্তি তৈরি হবে।”
তিনি আশা প্রকাশ করেন, আর বিলম্ব না করে জুন মাসের মধ্যেই প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হবে।











